ঘরের মাঠে নিজেদের পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত নাইট বাহিনী

Nitish Rana
Nitish Rana. (Photo Source: KKR)

২৯শে এপ্রিল, রবিবার, নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের (জিটি) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই মরসুমে জিটির বিরুদ্ধে প্ৰথম ম্যাচটিতে একটি অবিশ্বাস্য জয় পেয়েছিল কেকেআর। তবে তারপরে পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। হার্দিক পান্ডিয়ার দল এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের নেট রান রেট হল  +০.৫৮০। অন্যদিকে কেকেআর আগের ম্যাচে জয় পেলেও এই মুহূর্তে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। তারা এই মুহূর্তে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে। তাদের নেট রান রেট হল -০.০২৭।

জিটির বিরুদ্ধে ম্যাচে নামার আগে জোরকদমে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে কেকেআরের অধিনায়ক নীতিশ রানাকে। কেকেআর নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তার অনুশীলন করার ভিডিওটি শেয়ার করেছেন। এই ভিডিওতে তাকে বেশ কয়েকটি সুন্দর শট খেলতে দেখা যায়। পরবর্তী ম্যাচের জন্য তিনি প্রস্তুত বলেই মনে হচ্ছে।

দুই দলই নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে

কেকেআর এবং গুজরাট টাইটান্স এখনও অবধি মাত্র ২ বার একে অপরের মুখোমুখি হয়েছে, উভয় দলই ১টি করে ম্যাচে জয়লাভ করেছে। আগের মরসুমে কেকেআরকে ৮ রানে পরাজিত করেছিল জিটি। এই মরসুমে সেই বদলা নিয়েছে কেকেআর। এই মরসুমে জিটির বিরুদ্ধে প্ৰথম ম্যাচটিতে ৩ উইকেটে জয় পেয়েছিল নীতিশ রানার দল। রিঙ্কু সিং শেষ ওভারের শেষ পাঁচটি বলে পাঁচটি ছয় মেরে গুজরাট টাইটান্সের মুখের সামনে থেকে জয় ছিনিয়ে নিয়েছিল। রিঙ্কু সেই ম্যাচটিতে মাত্র ২১ বলে অপরাজিত ৪৮ রান করেছিলেন। সেই ইনিংসে তিনি ১টি চার এবং ৬টি ছয় মেরেছিলেন।

জিটির বিরুদ্ধে সেই ম্যাচটিতে ভেঙ্কটেশ আইয়ারও একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নেমে ৪০ বলে ৮৩ রান করেছিলেন। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ৫টি ছয়। গুজরাট টাইটান্স নিজেদের শেষ ম্যাচটিতে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) ৫৫ রানে পরাজিত করেছিল। অন্যদিকে, টানা চারটি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হওয়ার পর গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) ২১ রানে পরাজিত করেছিল কেকেআর। পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থানের পরিবর্তন করার জন্য জিটিকে হারানো কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষমেশ কোন দল শেষ হাসি হাসে সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp