হার্দিক পান্ডিয়া এখন চার-মাত্রিক খেলোয়াড়, মত কিরণ মোরের
ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের পাশাপাশি হার্দিকের নেতৃত্বের গুণ দেখে এই মন্তব্য মোরের
আপডেট করা - Jun 3, 2022 12:54 pm

হার্দিক পান্ডিয়া মাঠে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের জন্য আইপিএল ২০২২ ফাইনালে “প্লেয়ার অফ দ্য ম্যাচ” নির্বাচিত হন। পান্ডিয়া ব্যাট হাতে একটি সফল অভিযানের মাধ্যমে তাঁর দলকে গৌরব অর্জনের দিকে নিয়ে যান। মেগা নিলামের পরে খুব কম বিশেষজ্ঞই তাদের প্লে অফে জায়গা করে নেওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। কিন্তু তারা তাদের ভুল প্রমাণিত করে দিয়ে এই বছরের প্রতিযোগিতায় শেষ অবধি টিকে থেকে চ্যাম্পিয়ন হয়েছে। অধিনায়ক হিসাবে তাঁর প্রথম আইপিএলে জয়ের পরে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কিরণ মোরে আইপিএল ২০২২-এ হার্দিকের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন।
গত কয়েক মাসে সেরা সময়ের মধ্য দিয়ে যাননি এই অলরাউন্ডার। তিনি চোটে ভুগছিলেন, ফলে নিয়মিত বোলিংও করছিলেন না এবং জাতীয় দল থেকেও বাদ পড়েছিলেন। কিন্তু এই মরসুমে এক ভিন্ন হার্দিককে মাঠে দেখা গেল। অন্যান্যবারের মত তিনি লোয়ার মিডল অর্ডারে না নেমে উপরের ক্রমে ব্যাটিং করেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল ইনিংস খেলেছেন। এই মরসুমে চারটি হাফ সেঞ্চুরিসহ ৪৮৭ রান সংগ্রহ করেছেন বরোদার হার্ডহিটার ব্যাটার।
একজন নেতা এবং একজন অলরাউন্ডার হিসাবে এই বছরের টুর্নামেন্টে হার্দিকের দুর্দান্ত খেলা তাঁকে ভারতীয় দলের জন্য একটি অমূল্য সম্পদে পরিণত করেছে। কিরণ মোরে বিশ্বাস করেন যে হার্দিক এখন তাঁর নেতৃত্বের অতিরিক্ত গুণাবলীসহ চার-মাত্রিক খেলোয়াড়।
খেলাধুলার জন্য হার্দিকের চোখে ক্ষুধা দেখেছি – কিরণ মোরে
“আমার কাছে হার্দিক ছিল একটি ছেলে যে সব সময় পারফর্ম করতে চেয়েছিল। আমি বিশ্বাস করি সে এখন চার-মাত্রিক খেলোয়াড়। আগে সে একজন ত্রিমাত্রিক খেলোয়াড় ছিল কারণ সে বোলার, ব্যাটার এবং ফিল্ডার হিসেবে খেলছিল কিন্তু এখন সে অধিনায়কও। তাই গর্ব বোধ করা যায় যে জাতীয় দলে এমন একজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছে,” এসজি পডকাস্টের সাথে কথা বলার সময় মোরে বলেছেন।
পান্ডিয়ার ছোট বেলার একটি ঘটনাও স্মরণ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যখন তিনি তাঁর দাদা ক্রূণাল পান্ডিয়ার সঙ্গে তাঁর কোচিং অ্যাকাডেমিতে যেতেন। “সে খেলাটি খেলতে চেয়েছিল। ক্রূণাল পান্ডিয়া (তাঁর দাদা) আমার অ্যাকাডেমিতে যোগ দিয়েছিল এবং হার্দিক ঘুরে বেড়াত। সে নেটের পিছনে দৌড়ত এবং বল ধরত। তখনই আমি ক্রূণালকে বলেছিলাম তাকেও নেটে আনতে এবং তখনই আমি তার চোখে ক্ষুধা দেখেছি,” মোরে যোগ করেছেন।