বাংলাদেশের লজ্জার রেকর্ড স্পর্শ করে ইংল্যান্ড অধিনায়ক বললেন তিনি ‘তিক্তভাবে হতাশ’
ম্যাচ শেষে অধিনায়ক রুট স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার সামনে তাঁর দল কার্যত উড়ে গেছে
আপডেট করা - Dec 28, 2021 12:48 pm

মঙ্গলবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ইনিংস এবং ১৪ রানে হেরে যাওয়ার পর ইংল্যান্ড এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক টেস্ট পরাজয়ের লজ্জার রেকর্ড ছুঁয়েছে।
ইংল্যান্ড তৃতীয় দিনের শুরু করেছিল হাতে ৬ উইকেট নিয়ে। অস্ট্রেলিয়ার রানের থেকে তখনও ৫১ রানে পিছিয়ে তারা। ৩১/৪ থেকে প্রথম সেশনেই স্কট বোল্যান্ডের দাপটে তাদের বাকি ছ’টি উইকেট পড়ে যায়। মাত্র ৩৭ রান যোগ করে তারা তৃতীয় দিনে। এই হারের ফলে ইংল্যান্ড ২০২১-এ মোট ৯টি টেস্টে হারের সম্মুখীন হল।
২০০৩-এ বাংলাদেশ এক ক্যালেন্ডার বর্ষে মোট ৯টি টেস্টে হেরেছিল। এবার সেই দৈন্য দশার শিকার হল খোদ জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড। বাংলাদেশ সেই সময় তাও টেস্টে তাদের মাত্র চতুর্থ বছর খেলছিল, তুলনামূলক অনভিজ্ঞ দল ছিল তাদের। কিন্তু ইংল্যান্ডের জন্য এই বছরটি সত্যিই লজ্জাজনক।
ইংল্যান্ডের ৬৮ অল আউট তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ত্রয়োদশ সর্বনিম্ন স্কোর। মেলবোর্নে অভিষেক হওয়া স্কট বোল্যান্ড তাঁর ঘরের মাঠে দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ রান দিয়ে ৬ উইকেট নেওয়ার পথে বেশ কিছু রেকর্ড করেছেন। তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে বলের সংখ্যার নিরিখে দ্রুততম পাঁচ উইকেট শিকারী হওয়ার রেকর্ডটি ভাগ করে নিলেন আরও দুই বোলারের সাথে। মাত্র ১৯ বলে নিজের পঞ্চম উইকেটটি পান। তাঁর আগে ১৯ বলেই পাঁচ উইকেট নেওয়া দুই বোলার আর্নি টোশ্যাক ও স্টূয়ার্ট ব্রড।
লজ্জার রেকর্ড এবং সিরিজ হার প্রসঙ্গে ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক রুট বলেছেন তিনি তিক্তভাবে হতাশ
অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র ৩য় আদিবাসী পুরুষ টেস্ট ক্রিকেটার বোল্যান্ডের অভিষেকের সমাপ্তি হল ম্যাচ সেরার পুরস্কার নিয়ে। তাঁর ৭/৫৫ ম্যাচের পরিসংখ্যানের জন্য মেলবোর্নে তিনি দ্য মুলাঘ পদক জিতলেন।
ম্যাচের পর ইংল্যান্ড অধিনায়ক জো রুট বলেছেন “আমরা বেশ কিছু সময় ধরে এই ধরণের পরিবেশে লড়াই করছি। অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতে হবে, তারা এই টেস্ট ম্যাচে আমাদেরকে উড়িয়ে দিয়ে হারিয়েছে।”
“আমাদের এখন অনেক কঠোর পরিশ্রম করতে হবে এবং শেষ দুটি ম্যাচে শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে,” তিনি যোগ করেছেন।
রুট শেষে বলেন, “আমরা এই অবস্থানে নিজেদেরকে দেখে তিক্তভাবে হতাশ। ইংল্যান্ডের ব্যাজটিতে আমাদের গর্ব ফিরিয়ে আনতে হবে এবং এই সফর থেকে উদযাপন করার মতো এবং আনন্দের সঙ্গে ফিরে তাকানোর জন্য কিছু করে যেতে হবে। ৩-০ ব্যবধানে পরাজিত হওয়াটা খুবই হতাশাজনক কিন্তু দুটি টেস্ট এখনও বাকি আছে।”