অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের আগে স্টিভ স্মিথ এবং মার্নাস ল্যাবুশেনের প্রশংসা করলেন প্যাট কামিন্স

Steve Smith and Marnus Labuschagne
Steve Smith and Marnus Labuschagne. (Photo Source: Twitter)

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্ৰথম দুটি টেস্ট ম্যাচে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া যথাক্রমে ২ উইকেট এবং ৪৩ রানে জয় পেয়েছিল। এরপর তৃতীয় টেস্ট ম্যাচটিতে ইংল্যান্ড চলতি সিরিজে প্ৰথম জয়টি পেয়েছিল। তারা অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে পরাজিত করেছিল। চতুর্থ টেস্ট ম্যাচটি উভয় দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড এই ম্যাচটিতে যদি অস্ট্রেলিয়াকে পরাজিত করতে পারে তাহলে তাদের সিরিজ জয়ের আশা বেঁচে থাকবে। অন্যদিকে, এই ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলে সিরিজ জিতে যাবে অস্ট্রেলিয়া।

চতুর্থ টেস্ট ম্যাচটি শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স তার দলের দুইজন অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ এবং মার্নাস ল্যাবুশেনের প্রশংসা করেছেন। তিনি স্মিথের কাছ থেকে সবসময়ের মতো বিশেষ কিছু আশা করছেন বলে জানিয়েছেন।

ইএসপিএনক্রিকইনফো প্যাট কামিন্সের বক্তব্যকে উদ্ধৃত করেছে, “তারা উভয়ই তাদের খেলার শীর্ষে থাকা ক্লাস খেলোয়াড় যারা খুব বেশি সময় খারাপ ফর্মের মধ্যে দিয়ে যান না। তাদের দুজনকে সত্যিই ভালো দেখাচ্ছে। স্টিভ এই সফরে সেঞ্চুরি করেছে…আমি বরাবরের মতো তার কাছ থেকে বড় কিছু আশা করছি।”

ম্যানচেস্টার টেস্ট শুরু হওয়ার আগে স্টিভ স্মিথ জানিয়েছিলেন যে তার বিশ্রামের প্রয়োজন ছিল। অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ ব্যাটার বলেন, “সত্যি বলতে, আমার একটি বিরতির দরকার ছিল, এটি ব্যক্তিগত ক্ষেত্রে একটি বেশ বড় মাইলফলক ছিল।”

ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না স্টিভ স্মিথ এবং মার্নাস ল্যাবুশেন

এই সিরিজে স্টিভ স্মিথ এবং মার্নাস ল্যাবুশেন ধারাবাহিকভাবে রান করতে পারছেন না। স্মিথ দ্বিতীয় টেস্ট ম্যাচের প্ৰথম ইনিংসে শতরান করেছিলেন। তবে এই সিরিজের বাকি ৫টি ইনিংসের মধ্যে একটিতেও ৪০ রানের গন্ডি পার করতে পারেননি তিনি। এই সিরিজে এখনও পর্যন্ত ১৯০ রান করেছেন তিনি।

অন্যদিকে, মার্নাস ল্যাবুশেন চলতি অ্যাশেজ সিরিজে একবারও ৫০ রানের গন্ডি পার করতে পারেননি। তিনি ৬টি ইনিংস খেলে মাত্র ১৪৪ রান করেছেন। তার সর্বোচ্চ রান হল ৪৭। শেষ দুটি টেস্ট ম্যাচে স্মিথ এবং ল্যাবুশেনের ব্যাট থেকে অবশ্যই রান দেখতে চাইবে অস্ট্রেলিয়া।

চতুর্থ টেস্ট ম্যাচটিতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই একটি উইকেট হারিয়ে ফেলেছে। উসমান খাওয়াজা মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন। এই টেস্ট ম্যাচের ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp