জ্যানসেনকে বোল্ড করে জোহানেসবার্গের শোধ কেপটাউনে, পাঁচ উইকেট বুমরার
আপডেট করা - Jan 12, 2022 9:15 pm

জোহানেসবার্গের সেই চিত্র এখনও টাটকা সকলের মনে। একটা সুযোগের অপেক্ষায় ছিলেন জসপ্রীত বুমরাহ। মনে মনে জেদটা ধরে রেখেছিলেন। কেপটাউনেই যেন মধুর প্রতিশোধ ভারতীয় স্পীডস্টারের। মার্কো জ্যানসেনের উইকেট তুলেই ওয়ান্ডারার্সের জবাবটা দিলেন বুমরাহ। বিধ্বস্ত করে দিলেন প্রোটিয়া ব্যাটিং লাইনআপকে। সেইসঙ্গে জ্যানসেনকে ফিরিয়ে দিলেন প্রতিটি আঘাতের জবাবটাও। বাইশগজে উত্তরটা দিলেও, বুমরা কিন্তু বিশেষ উচ্ছ্বাস দেখাননি। বরং শান্ত থেকেই জ্যানসেনকে সবটা বুঝিয়ে দিলেন।
জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন। ভারতীয় ব্যাটিং বাইনআপের অবস্থা খুবই শোচনীয়। একের পর এক উইকেট খুইয়ে ক্রমশই চাপে তখন ভারত। সেইসময় ক্রীজে ব্যাটিং করছিলেন জসপ্রীত বুমরা ও মহম্মদ সামি। আর প্রতিপক্ষ শিবিরের বোলার মার্কো জ্যানসেন। বুমরাকে উদ্দেশ্য করে একের পর এক বাউন্সার ও শর্ট ডেলিভারি। বুমরার শরীর লক্ষ্য করেই বল করছিলেন তিনি।
সেইসঙ্গে ছিল স্লেজিংও। খেলা চলাকালীন বারবার উত্তপ্ত হয়ে পড়ছিল পরিস্থিতি। যা সামাল দিতে আম্পায়ারকে মধ্যস্থতা করতে এগিয়ে আসতে হয়েছিল। বুমরা অবশ্য হাসি মুখেই ছিলেন সেদিন। জ্যানসেনের বলে আউট হননি ঠিকই ভারতীয় স্পীডস্টারের ক্যাচটা ধরেছিলেন সেই জ্যানসেনই। তারপরই দেখা গিয়েছিল বাঁধভাঙা উচ্ছ্বাসও।
কেপটাউনেই টেস্ট ক্রিকেটে সপ্তমবার পাঁচ উইকেট নিলেন জসপ্রীত বুমরাহ
জেদটা সেই সময় থেকেই মনের মধ্যে রেখে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। সেই ম্যাচে সুযোগ পাননি। ডিন এলগারের দুর্ধর্ষ ব্যাটিংয়ের জেরে আর মাঠে নামতে হয়নি মার্কো জ্যানসেনকে। ম্যাচটাও জিততে পারেনি ভারত। একটু অপেক্ষা করতে হয়েছিল ঠিকই, কিন্তু সুযোগটা ঠিক জসপ্রীত বুমরাহ পেয়েই গেলেন। কেপটাউনের মঞ্চে দ্বিতীয় দিন, ফের একটা দ্বৈরথ দেখল ক্রিকেট বিশ্ব। এবার ব্যাটার মার্কো জ্যানসেন এবং প্রতিপক্ষ বোলার জসপ্রীত বুমরাহ।
জ্যানসেনের ব্যাটিংয়ের শুরুতেই বল হাতে পিচে আগুন ঝড়ানো শুরু বুমরার। মুখে নয়, সেদিনের করা আঘাতের একের পর এক জবাব দিচ্ছিলেন এদিন ক্রিকেটের বাইশগজে। আর বুমরাতে তাতানোর কাজটা শুরু করে দিয়েছিলেন বিরাট কোহলি। বারবার বিরাটের মুখ থেকে তখন একটাই কথা শোনা যাচ্ছে। ডাগআউটকে উদ্দেশ্য করে নির্দেশ দিচ্ছেন হাততালি দিতে। পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হচ্ছিল। অবসেষে সাফল্য। মা্র্কো জ্যানসেনকে বোল্ড আউট করে সাজঘরের রাস্তাটা দেখিয়ে দেন জসপ্রীত বুমরা। কিন্তু উইকেট নেওয়ার পর বুমরা ছিলেন একেবারে শান্ত। কোনওরকম বাড়তি উচ্ছ্বাসও করেননি।
যদিও অধিনায়ক বিরাটের উচ্ছ্বাসের কোনও খামতি ছিল না। দ্বিতীয় দিনের শুরু থেকেই এদিন বিধ্বংসী মেজাজে ছিলেন জসপ্রীত বুমরা। মার্করামকে ফিরিয়ে দ্বিতীয় দিন প্রথম ধাক্কাটাও তিনিই দেন। একে একে কিগান পিটারসন, জ্যানসেন এবং এনগিডিদের ফেরার রাস্তাটা তিনিই দেখিয়ে দেন। সেইসঙ্গে কেপটাউনের মঞ্চে কেরিয়ারের সপ্তমবার পাঁচ উইকেট নেওয়ার নজিরও গড়েন তিনি।
২০১৮ সালে এই মাঠেই টেস্ট অভিষেক হয়েছিল জসপ্রীত বুমরার। চারবছর পর আবারও সেই মাঠেই ফের জ্বলে উঠলেন তিনি। সোশ্যাল সাইট জুড়ে এখন শুধুই বুমরার ছবি ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে জ্যানসেনকে ফেরানোর পর তাঁর বিশেষ উচ্ছ্বাস না করার ছবিই ভাইরাল।