গাভাস্কারের পর এবার গম্ভীর, সমালোচনার তির ছুটে আসছে পান্তের দিকে
জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে তিন বল খেলে শূণ্যতে আউট হন পান্ত
আপডেট করা - Jan 6, 2022 12:39 pm

দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে দ্বিতীয় টেস্টটি একটি টানটান উত্তেজক জায়গায় পৌঁছে গেছে। তৃতীয় দিনে একবার ভারতের দিকে পাল্লা ভারী হতে দেখা গেছে তো পরক্ষণেই দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেছে। নিজেদের মধ্যে ১১১ রানের পার্টনারশিপ গড়ার পর কাগিসো রাবাডা যখন দুই সেট ব্যাটারকেই আউট করে ভারতকে চাপে ফেলে দিয়েছেন তখন ১৬৩/৪ স্কোরে ব্যাট করতে নামেন ঋষভ পান্ত। তবে মাত্র তিন বলের মাথায় যে শট খেলে তিনি আউট হয়েছেন তার জন্য এখন ধেয়ে আসছে একের পর এক সমালোচনা।
অনেকেই তাঁর এই শটকে দায়িত্বজ্ঞানহীন বলেছেন। এমনকী সুনীল গাভাস্কার পান্তের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। রাবাডার বলে স্টেপ আউট করে একটি আক্রমণাত্মক শট খেলতে গিয়েছিলেন পান্ত, তবে বল ব্যাটের প্রান্তে লেগে জমা পড়ে উইকেটকিপারের গ্লাভসে। পান্ত যখন আউট হন ভারতের লিড তখন মাত্র ১৪০।
হতাশ বললে খুব কম বলা হয়, পান্তের আউটে ক্ষোভ প্রকাশ গম্ভীরের
এইভাবে আউট হওয়ার ফলে অনেক ভক্ত এবং বিশেষজ্ঞরা তাঁর সমালোচনা করেছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরও চুপ করে থাকেননি। পান্তের তিরস্কার করে তিনি বলেছেন ওই পরিস্থিতিতে উইকেট ছূঁড়ে দেওয়ার পরিবর্তে পরিস্থিতির সাথে লড়াই করা উচিত ছিল তাঁর।
“কাউকে স্লেজিং চালিয়ে যাওয়া সহজ কাজ এবং সবচেয়ে কঠিন জিনিসটি হল আপনার হাতে ব্যাট থাকলে কীভাবে পরিস্থিতির সম্মুখীন হতে হবে। স্টার স্পোর্টসে ম্যাচ-পরবর্তী শোতে গম্ভীর বলেছেন, “ওই পরিস্থিতিতে বড় শটের চেষ্টা না করে, পিচে লড়াই করতে দেখলে সেটা পছন্দ করতাম।”
২৪ বছর বয়সী পান্তের সমালোচনা করার সময়, প্রাক্তন ভারতীয় ওপেনার বলেছেন যে খেলার দীর্ঘতম ফর্ম্যাটে খেলার ধরণ এমন নয়। এরপর তিনি প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারের উদাহরণ দেন এবং তরুণদের তাঁর কাছ থেকে শেখার আহ্বান জানান।
“সত্যি বলতে হতাশ বললে খুব কম বলা হয় কারণ এইভাবে আপনার টেস্ট ক্রিকেট খেলা উচিত নয়। ডিন এলগার দেখাচ্ছেন টেস্ট ক্রিকেট কীভাবে খেলতে হবে এবং তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে তরুণ ভারতীয় ব্যাটারদের। আপনি যখন বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে খেলবেন, তাঁরা আপনাকে সহজ রান দেবে না,” তিনি বলেন।
তৃতীয় ইনিংসে বাঁ-হাতি ব্যাটার আউট হওয়ার পর, হনুমা বিহারী এবং লোয়ার-মিডল অর্ডার নিশ্চিত করেছে যে রাহুলের নেতৃত্বাধীন দল ২৬৬তে পৌঁছয়। স্বাগতিকদের দ্বিতীয় টেস্ট জিততে এবং সিরিজে সমতা আনতে ২৪০ করতে হবে। দিনের শেষে তারা দুই উইকেট হারিয়ে ১১৮ রান করেছে এবং জয়ের জন্য আরও ১২২ রান প্রয়োজন।