প্রথম টেস্টে রাহানের প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, বলেছেন আশিস নেহরা

তিন পেসার হিসেবে বেছে নিয়েছেন বুমরাহ, শামি ও সিরাজকে

Ajinkya Rahane
Ajinkya Rahane. (Photo by SAEED KHAN/AFP via Getty Images)

ভারতের প্রাক্তন পেসার আশিস নেহরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ভারতীয় দলের কম্বিনেশন কী হতে পারে সেই নিয়ে আলোচনা করেছেন। তাঁর আলোচনায় উঠে এসেছে যে তিনি অজিঙ্কা রাহানের প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ বলে মনে করছেন।  

অজিঙ্কা রাহানের জন্য একাদশে জায়গা পাওয়া খুব কঠিন হবে: আশিস নেহরা

দীর্ঘ দিন ধরে ফর্ম খুঁজতে থাকা রাহানে গত মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। বিগত বেশ কিছু বছর থেকে ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক তিনি। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোটের কারণে বাদ পড়ার পর আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ঘোষিত টেস্ট স্কোয়াডে তাঁকে আর সহ-অধিনায়ক রাখা হয়নি। এখন প্রথম একাদশেও তাঁর জায়গা পাওয়া অনিশ্চিত। 

ক্রিকবাজের সাথে কথা বলতে গিয়ে, নেহরা বলেছেন, “অজিঙ্কা রাহানের জন্য একাদশে জায়গা পাওয়া খুব কঠিন হবে। টিম ম্যানেজমেন্টকে সমস্যাটি সমাধান করতে হবে। বিরাটের (কোহলি) ফর্মও সাম্প্রতিক সময়ে দুর্দান্ত নয়, তবে এটা কখনোই বলা যাবে না যে তাকে বাদ দেওয়া উচিত। (চেতেশ্বর) পূজারার ক্ষেত্রেও তাই। কিন্তু রাহানে এই দুজনের থেকে পিছিয়ে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি অধিনায়কত্ব করেছিলেন, কিন্তু কোহলি আসার পর তাকে বাদ দেওয়া হয়েছিল। তাই, ভারত ৫ বা ৬ ব্যাটার, যতোজনকেই খেলাক, তার খেলার সম্ভাবনা কম। রাহানের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জায়গা পাওয়া সহজ হবে না।” 

রাহানেকে টেস্ট সহ-অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর তাঁর মুম্বইয়ের সতীর্থ ব্যাটার রোহিত শর্মাকে খেলার দীর্ঘতম ফর্ম্যাটে কোহলির সহকারী হিসাবে মনোনীত করা হয়েছিল। যদিও তিনি চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় কেএল রাহুল আসন্ন সিরিজে ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন। 

প্রথম টেস্টের জন্য নেহরা তাঁর পছন্দের পেসারদের বেছে নিয়েছেন। তিনি বলেছেন, “প্রথম টেস্টের জন্য যদি আমাকে আমার তিনজন ফাস্ট বোলার বেছে নিতে হয়, তাহলে আমি জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজকে নেব। হ্যাঁ, ইশান্ত শর্মার ১০০টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, কিন্তু সিরাজ যেভাবে বোলিং করেছে এবং আগ্রাসন দেখিয়েছে তা দুর্দান্ত। আমি তাকে ইশান্ত এবং উমেশের থেকে এগিয়ে রাখছি, যারা অতীতে খুব ভালো করেছে। এখান থেকেই বোঝা যায় যে ভারতে মানসম্পন্ন পেসারের অভাব নেই,” নেহরা বলেছেন। 

২৬ ডিসেম্বর রবিবার সেঞ্চুরিয়নে শুরু হবে প্রথম টেস্ট।

close whatsapp