চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরে সাফল্যের লক্ষ্যে দীপক চাহার

Deepak Chahar
Deepak Chahar. (Photo by Grant Pitcher/Gallo Images/Getty Images)

প্রায় চারমাস পর ফের ভারতীয় দলে ফিরেছেন দীপক চাহার। জিম্বাবোয়ে সফরেই ভারতীয় শিবিরে রাখা হয়েছে তাঁকে। শুধুমাত্র জিম্বাবোয়ে সফরে নয় এশিয়া কাপের দলেও রয়েছেন এই তরুণ ক্রিকেটার। তার আগে অবস্য এই জিম্বাবোয়ে সফরেই এই ক্রিকেটারকে দেখে নিতে চাইছেন বোর্ড কর্তা থেকে নির্বাচকরা। জিম্বাবোয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার প্রথম একদিনের ম্যাচে নেমেছে ভারতীয় দল। সেখানেই প্রথম একাদশে রয়েছেন দীপক চাহার। দীর্ঘদিন পর চোট সারিয়ে দলে ফিরে আপ্লুত তিনি। অনেক বড় ছুটি কাটিয়েই যেন  দলে ফিরেছেন তিনি, এমনটাই মনে হচ্ছে দীপক চাহারের।

জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি কেমন পারফরম্যান্স করেন তারজন্য গোটা দেশবাসী এখন তাকিয়ে রয়েছে দীপক চাহারের দিকে। তিনি নিজেও দেশের হয়ে ফের পুরনো ফর্মে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন। ভারতের জার্সিতে যখনই খেলার সুযোগ পেয়েছেন তনিজেকে প্রমাণ করেছেন এই তরুণ ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে তাঁর পারফরম্যান্স এখনও সকলের স্মৃতিতে টাটকা হয়ে রয়েছে।

প্রায় চার মাস চোটের জন্য মাঠের বাইরে ছিলেন দীপক চাহার

এছাড়া ২০২১ সালে আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। ব্যাটিং থেকে বোলিং সব জায়গাতেই দীপক চাহার নিজেকে প্রমাণ করেছেন। এরপর থেকেই ক্রমশ তাঁকে খেলানো নিয়ে সকলের সুর চড়া হতে শুরু করেছে। ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই শেষ টি টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন দীপক চাহার। এরপরই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। একইসঙ্গে ছিটকে গিয়েছিলেন এবারের আইপিএল থেকেও।

এবার সেই দীপক চাহারই ফের ভারতীয় দলে ফিরেছেন। দলে ফেরাটা যে তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি তা বলতে কোনও দ্বিধা নেই এই তরুণ অল রাউন্ডারের। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমার কাছে এটা একটা দীর্ঘ ছুটি ছিল। সম্পূর্ণ ফিট হয়েই দলে ফিরতে পেরেছি। আমি যেদিন থেকে ভারতীয় দলের হয়ে খেলা শুরু করেছি সেদিন থেকেই শুরু হয়েছে কঠিন প্রতিযোগিতা। আমি যদি সেভাবে সুযোগ পাই বল হাতে এবং লোয়ার অর্ডারে ব্যাট হাতে দলে সাহায্য করতে প্রস্তুত রয়েছি। আমি সুযোগ নিয়ে বেশী ভাবিনা, নিজের পারফরম্যান্স নিয়েই ভাবছি”।

এখনও পর্যন্ত ভারতের হয়ে সাতটি একদিনের ম্যাচে খেলেছেন দীপক চাহার। সেখানেই তাঁর ঝুলিতে রয়েছে দুটো অর্ধশতরান। শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৪ বলে ৫৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়া আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিল ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

এবার ভারতীয় দলে আবারও দীপক চাহারের প্রত্যাবর্তন। সেখানেই নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে রয়েছেন এই তরুণ তারকা ক্রিকেটার।

close whatsapp