হংকংয়ের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংসের পরে তাঁর প্রতি কোহলির আচরণ দেখে মুগ্ধ সূর্যকুমার যাদব
সূর্যকুমারের ২৬ বলে ৬৮ রানের ইনিংস ভারতকে ১৯২ রানে পৌঁছে দেয়
আপডেট করা - Sep 1, 2022 12:51 pm

বুধবার (৩১শে অগাস্ট) হংকংকে ৪০ রানে হারিয়ে ভারত চলমান এশিয়া কাপের সুপার ৪ রাউন্ডে তাদের জায়গা নিশ্চিত করেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের পক্ষে সূর্যকুমার যাদব নায়ক ছিলেন এবং তিনি ব্যাট হাতে মাত্র ২৬ বলে অপরাজিত ৬৮ রান করেন। বিরাট কোহলিও ভালো ব্যাটিং করেছেন, ৪৪ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক অবশ্য নিজের ইনিংসের চেয়েও মাঠে সূর্যর ইনিংস দেখে বেশী প্রভাবিত ছিলেন।
অপর প্রান্ত থেকে সূর্যকুমারের আগ্রাসী ইনিংস দেখার পরে কোহলি ডাগ-আউটে ফিরে যাওয়ার সময় সূর্যকুমার যাদবের সামনে নতজানু হন এবং যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে দেন সূর্যকে। মিডল অর্ডার ব্যাটার ম্যাচের পরে কোহলির সেই আচরণের বিষয়ে নিজের মত জানিয়েছেন। বিরাট কোহলি থাকায় দলের যে অভিজ্ঞতা বাড়ে এবং তিনি শেষ অবধি ক্রিজে থাকায় সূর্যকুমারের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল তাও তিনি উল্লেখ করেছেন।
আমি কোহলির সাথে ব্যাটিং উপভোগ করেছি: সূর্যকুমার যাদব
“এটি বিরাট কোহলির দিক থেকে একটি হৃদয়গ্রাহী ব্যবহার ছিল। কারণ আমি এটি কখনও দেখিনি। আমি তাকে এগোতে না দেখে বলেছিলাম, চলো একসাথে এগিয়ে যাই। তার অনেক অভিজ্ঞতা আছে, আমি তার সাথে ব্যাটিং উপভোগ করেছি। এই ম্যাচের মতো পরিস্থিতিতে কারো অভিজ্ঞ থাকা গুরুত্বপূর্ণ। কারণ আমি এখনও এতগুলি ম্যাচ খেলিনি,” ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেছেন।
সূর্যকুমার যাদবের ইনিংস সম্পর্কে কথা বলতে গেলে, তিনি যখন ব্যাট করতে নামেন তখন ভারত বিপাকে ছিল। ছন্দে না থাকা কেএল রাহুল যখন আউট হন, তখন ১৩ ওভারের স্কোরকার্ডে মাত্র ৯৪/২। যদিও, ভারত সেখান থেকে শেষ সাত ওভারে ৯৮ রান যোগ করতে সক্ষম হয় এবং সূর্যর দ্রুত ব্যাটিংয়ের পাশাপাশি বিরাট কোহলিও কিছু দুর্দান্ত শট খেলেন।
নিজের ইনিংস সম্পর্কে সূর্যর মন্তব্য, “পরিস্থিতি এমন ছিল যে আমাকে ক্রিজে গিয়ে দ্রুত খেলতে হয়েছিল। কারণ উইকেট শুরুতে একটু ধীরগতির ছিল, আমি বিরাট কোহলির সাথে কথা বলেছিলাম, সে বলেছিল ‘শুধু নিজেকে জাহির করো এবং তুমি যেভাবে ব্যাট করো সেভাবেই করো’। আমার পরিকল্পনাও পরিষ্কার ছিল কীভাবে ব্যাট করতে হবে।”