হ্যাট-ট্রিকের কথা এখনও বিশ্বাস করতে পারছেন না কার্তিক মেইয়াপ্পান

৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন মেইয়াপ্পান

Karthik Meyappan
Karthik Meyappan. (Image Source: Twitter)

চেন্নাইতে জন্মগ্রহণকারী কার্তিক মেইয়াপ্পান কৈশোরে পরিবারের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীতে স্থায়ীভাবে বসবাস শুরু করার পর আবুধাবি ও দুবাইতে তাঁর ক্রিকেটীয় দক্ষতা ঘষামাজা করতে শুরু করেছিলেন। মঙ্গলবার আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ একটি স্মরণীয় মুহূর্তের সাক্ষী রইলেন তিনি। শ্রীলঙ্কার মিডল অর্ডারকে স্তম্ভিত করে মেইয়াপ্পান হ্যাট-ট্রিক করেছেন। 

এই কৃতিত্বের ফলে মেইয়াপ্পান টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে মাত্র পঞ্চম বোলার হিসেবে হ্যাট-ট্রিক করলেন। তাঁর আগে কেবল অস্ট্রেলিয়ার ব্রেট লি, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরাঙ্গা এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা এই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন। হ্যাট-ট্রিক করার ক্ষেত্রে মেইয়াপ্পানের তিন শিকার ভানুকা রাজাপাকসা, চারিথ আসালাঙ্কা ও শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।

শ্রীলঙ্কার ব্যাটিং মাঝপথে খেই হারালেও ১৫৩ রানের লক্ষ্য ইউএই-র ব্যাটিং লাইন-আপের জন্য যথেষ্ট ছিল এবং তারা মাত্র ৭৩ রানে গুটিয়ে যায়। সংযুক্ত আরব আমিরাত টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচ হারায় টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। পরের পর্বে যাওয়ার আর আশা না থাকলেও মেইয়াপ্পান তাঁর কৃতিত্বে খুশি।

“এটা এখনও বিশ্বাস করতে পারছি না, আসলেই আমি একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করেছি এবং প্রথম (ইউএই) বোলার হিসেবে এটি করেছি। এটা সত্যিই একটি গর্বের মুহূর্ত, আশ্চর্যজনক। তবে এটা অনেক বেশি মিষ্টি হতো, অনেক ভালো হতো যদি আমরা আজ রাতে ম্যাচটা জিততাম। বিশ্বকাপে যাওয়া অবশ্যই একটি অর্জন, তবে মূল লক্ষ্য ছিল সুপার ১২ পর্বে খেলা। এরপর আমাদের লক্ষ্য হবে ভারতে ২০২৩ বিশ্বকাপ। এটার জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি,” খেলা শেষে তিনি মিডিয়াকে বলেছেন।

তিনটি উইকেটের পরিকল্পনা প্রসঙ্গে বিস্তারিতভাবে বলেছেন কার্তিক মেইয়াপ্পান

ম্যাচের পরে মেইয়াপ্পান তাঁর অনুভূতির কথা প্রকাশ করেছেন এবং হ্যাটট্রিক সম্পূর্ণ করার ক্ষেত্রে তাঁর নেওয়া প্রতিটি উইকেট সম্পর্কে কথা বলেছেন।

“রাজাপাকসের ক্ষেত্রে আমি মনে করি লেংথ বলের জন্য তাঁকে অনেক দীর্ঘ বাউন্ডারি অতিক্রম করতে হত। আমি ভেবেছিলাম সে আমাকে সেখানে মারার চেষ্টা করবে। সে চেষ্টা করল কিন্তু সে সোজা বাউন্ডারিতে ​​কাশিফের কাছে মেরে বসল। এটাই ছিল প্রথম। এবং তারপরে আসালঙ্কা এল এবং সোজা বল করতে চেয়েছিলাম। আশ্চর্যজনক একটি ক্যাচ নিল বৃত্ত্যা,” প্রথম দুই উইকেট নিয়ে তিনি মিডিয়াকে বলেছেন।

“যখন দাসুন নামল, আমি হ্যাট-ট্রিক করার আবেগের মধ্য দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি যা করতে চেয়েছিলাম তা হল স্টাম্পে বল করা। তার পরে যা হবে, তা আমার হাতে নেই। সে বলটা ভুল বুঝেছিল এবং কভারে মারার চেষ্টা করেছিল। কিন্তু হ্যাঁ. হ্যাট-ট্রিক বলের আগে আমার পরিকল্পনা পরিষ্কার ছিল,” মেইয়াপ্পান শেষে বলেছেন।

close whatsapp