টি-২০ বিশ্বকাপ ২০২২: বাংলাদেশের যে ৩ ক্রিকেটারের দিকে নজর থাকবে
গত সংস্করণের ব্যর্থতা ভুলে উন্নত পারফর্ম্যান্স করতে চাইবে বাংলাদেশ
আপডেট করা - Oct 13, 2022 7:00 pm

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জয়ের পরও বাংলাদেশ দল দুবাইয়ে ভালো ক্রিকেট খেলেছে এমন কথা দৃঢ় বিশ্বাসের সঙ্গে কেউ বলতে পারবে না। মাহমুদউল্লাহর নেতৃত্বে বাংলা টাইগার্স ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-তে একটি ম্যাচেও জিততে পারেনি। তারপর থেকে দলের নেতৃত্ব অবশ্যই পরিবর্তিত হয়েছে তবে ফলাফল বদলায়নি। বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হিসেবে শাকিব আল হাসানকে নিযুক্ত করা হয়েছে কিন্তু তিনি কোন বৈপ্লবিক পরিবর্তন আনতে পারেননি। নিউজিল্যান্ডে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের ছাড়টি ম্যাচেই পরাজয় স্বীকার করেছে বাংলাদেশ।
এশিয়া কাপের পরে দলে বেশ কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিতে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তিন অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ্, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম দলে থাকবেন না। অস্ট্রেলিয়ায় আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশকে খেলতে হবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে। আইসিসি ইভেন্টে বাংলাদেশকে ভালো ফল করতে হলে বেশ কিছু খেলোয়াড়কে নিজেদের মান অনুযায়ী পারফর্ম করতে হবে। এখানে আলোচনা করা হল এমন তিনজন খেলোয়াড়কে নিয়ে যাঁদের দিকে আসন্ন টি-২০ বিশ্বকাপে নজর থাকবে।
৩) লিটন দাস

বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য লিটন দাস। মূলত ওপেনার হিসাবে তাঁকে খেলতে দেখা গেলেও সম্প্রতি তাঁকে তিন নম্বরে ব্যাটিং করতে নামানো হচ্ছে। ত্রিদেশীয় সিরিজের সব কটি ম্যাচে ইনিংসের সূচনা ভালোভাবে করলেও একটি ম্যাচ বাদে বাকি ইনিংসগুলিতে বড় স্কোর করতে ব্যর্থ হয়েছেন। ২৭ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি, তবে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সম্পূর্ণ ফিট অবস্থাতেই নামবেন।
এখনও পর্যন্ত ৬০টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন লিটন। ১২৭.৬৩ স্ট্রাইক রেটে ৭টি হাফ সেঞ্চুরিসহ ১২৬১ রান করেছেন। পাওয়ারপ্লেতে দ্রুত গতিতে রান তোলার জন্য বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকিয়ে থাকবে লিটনের দিকে। যদি ওপেনার হিসাবে নাও খেলেন, তবে তিন নম্বরেও উল্লেখযোগ্য অবদান রাখার ক্ষমতা রাখেন তিনি।
নুরুল হাসান সোহানের উপস্থিতিতে লিটনকে উইকেটকিপিং করতে হবে না ফলে এই প্রতিভাবান খেলোয়াড় তাঁর ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে পারবেন। লিটন যদি ইনিংসের মাঝামাঝি অবধি ক্রিজে থাকতে পারেন তবে নড়বড়ে মিডল অর্ডার নিজেদের গুছিয়ে নেওয়ার সময় পাবে।