ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ইশান কিষানকে দেখতে চান সৌরভ গাঙ্গুলী
আপডেট করা - Aug 20, 2023 1:53 pm

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী আসন্ন এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপের জন্য ভারতের উইকেটরক্ষক-ব্যাটার কে হতে পারেন সেই ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। ২০২২ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায়য় গুরুতর চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। তিনি এখনও পর্যন্ত চোট সারিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি। তার অনুপস্থিতিতে এশিয়া কাপ ২০২৩ এবং ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য উপযুক্ত উইকেটরক্ষক-ব্যাটার কে হতে পারেন সেই নিয়ে চিন্তাভাবনা করছেন ভারতীয় দলের নির্বাচকরা।
সৌরভ গাঙ্গুলী ইশান কিষানের বিস্ফোরক ব্যাটিং শৈলীর কথা উল্লেখ করেছেন। তিনি মূলত ইশানের ব্যাটিংয়ের জন্যই তাকে বিশ্বকাপে দেখতে চাইছেন।
একটি ইভেন্টে সৌরভ গাঙ্গুলী বলেন, “পন্থ দেশের সেরা উইকেটরক্ষক, কিন্তু আপনি এই মুহূর্তে ইশান কিষান এবং কেএল রাহুলকে দেখতে পাচ্ছেন; এই দুইজন অবশ্যই রোহিত (শর্মা) এবং রাহুলের (দ্রাবিড়) ভাবনাচিন্তার মধ্যে থাকবে। আমি ইশান কিষানকে পছন্দ করি কারণ সে যেকোনো দলের হয়েই ভালোভাবে খেলাকে শুরু করতে পারেন। আমি নিশ্চিত দ্রাবিড় তাকে তার পরিকল্পনায় রাখবে।”
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী অভিজ্ঞ খেলোয়াড় এবং নতুন মুখের মধ্যে ভারসাম্য রেখে দল গঠন করার পরামর্শ দিয়েছেন। তিনি যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা এবং ইশান কিশানের মতো উঠতি খেলোয়াড়দের ভারতীয় দলে দেখতে চাইছেন কারণ তারা নির্ভীক ক্রিকেট খেলতে সক্ষম।
তিনি যোগ করেছেন, “এই দলে অভিজ্ঞতা থাকতে হবে এবং তার পাশাপাশি তরুণদেরও প্রয়োজন হবে, যেমন – জয়সওয়াল, ভার্মা, ইশান কিষান। তারা নির্ভীক ক্রিকেট খেলতে পারেন। রাহুল, রোহিত এবং নির্বাচকদের সামনে অনেক খেলোয়াড়রা আছেন; তাদের শুধু এই খেলোয়াড়দের চিহ্নিত করতে হবে এবং সেরা একাদশ বেছে নিতে হবে।”
ওডিআই ক্রিকেটে ইশান কিষানের রেকর্ড বেশ ভালো
ওডিআই ক্রিকেটে ইশান কিষান এখনও পর্যন্ত ১৭টি ম্যাচ খেলেছেন এবং ৬৯৪ রান করেছেন। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৪৬.৩ এবং ১০৭.৪। তিনি এই ফরম্যাটে ইতিমধ্যেই একটি দ্বিশতরান করে ফেলেছেন। শেষমেশ তিনি আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা পান কিনা সেটাই এখন দেখার বিষয়।
৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হবে। এটির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড এবং নিউ জিল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। অন্যদিকে, এবারের বিশ্বকাপে নিজেদের প্ৰথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ৮ই অক্টোবর, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।