‘এখন কি ভবিষ্যৎ নিয়ে ভাবা শুরু করার সময়?’ – ওয়ার্নারকে ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়ে রাখলেন টেলর

ওয়ার্নার নিজে ২০২৪ পর্যন্ত খেলার সিদ্ধান্ত নিয়েছেন

David Warner
David Warner. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর নির্বাচকদের আহ্বান জানিয়েছেন ডেভিড ওয়ার্নারের টেস্ট ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য। টেলরের মতে অস্ট্রেলিয়ার একাদশে অভিজ্ঞ ওপেনারের জায়গা নিয়ে খুব বেশী বিভ্রান্তি রয়েছে এবং তাঁকে সমর্থন করে যাওয়া বা তাঁকে বাইরে রাখার জন্য একটি দৃঢ় সিদ্ধান্ত নেওয়া দরকার।

কনুইয়ে ফ্র্যাকচারের কারণে বর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুই টেস্ট থেকে বাদ পড়ার পরে দেশে ফিরেছেন ওয়ার্নার। দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে গিয়ে চোট পাওয়ায় দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করেননি তিনি। ভারতের মাঠে ৩৬ বছর বয়সীর লড়াই অব্যাহত ছিল এবং তিনি ১, ১০ ও ১৫ রানের স্কোর নথিভুক্ত করেছিলেন। ভারতে ১০টি টেস্টে তাঁর টেস্ট গড় ২১.৭৮।

ওয়ার্নারকে ঘিরে ডামাডোলের মধ্যে টেলর নাইন’স স্পোর্টস সানডেকে বলেছেন, “এখন কি ভবিষ্যৎ নিয়ে ভাবা শুরু করার সময়? সাধারণত অ্যাশেজের সময় এটা করা হয় না, সাধারণত অ্যাশেজের পরে করা হয়। ইংল্যান্ডে খুব স্থিতিশীল দল নিয়ে যাওয়া হয়, সম্ভবত একজন ব্যাটারকে ভবিষ্যত ভেবে নিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়। আমরা এই মুহুর্তে পুরোপুরি স্থিত নই এবং তারা নিশ্চিত নয় যে তারা কোন পথে যাবে।”

নির্বাচকদের ঠিক করতে হবে তারা কী চায়: মার্ক টেলর

প্রসঙ্গত, ইংল্যান্ডেও বাঁ-হাতি ওপেনারের টেস্ট রেকর্ড খারাপ। ১৩ ম্যাচে ২৬.০৪ গড়ে ৬৫১ রান করেছেন। ২০১৯ সফরে তাঁর গড় ছিল মাত্র ৯.৫০। টেলর মনে করেন যে নির্বাচকদের উচিৎ ওয়ার্নারের সঙ্গে আলোচনা করা। অন্যদিকে বিস্ফোরক ব্যাটার স্পষ্ট করে দিয়েছেন যে তিনি ২০২৪ সাল পর্যন্ত খেলতে চান।

প্রাক্তন অজি অধিনায়ক বিশদভাবে বলেছেন, “ডেভ নিজে এসে বলেছে যে সে ২০২৪ সাল পর্যন্ত থাকতে চায়, তাই সে এই বছরে পরের দিকে ইংল্যান্ডে যেতে চায়। সে পরের গ্রীষ্মে অস্ট্রেলিয়াতেও খেলতে চায়। সুতরাং সে সত্যিই বলটি জর্জ বেইলি, টনি ডোডেমেইড (নির্বাচক), প্যাট কামিন্সের (অধিনায়ক) দিকে ছুঁড়ে দিয়েছে, এবং নির্বাচকদের ঠিক করতে হবে তারা কী চায়।”

ওয়ার্নারকে বাদ দেওয়া হলে বিকল্প হিসেবে কারা খেলবেন, সেই প্রসঙ্গে টেলরের মন্তব্য, “আমার মতে নির্বাচকদের সিদ্ধান্ত নিতে হবে। হয়তো তারা ডেভিড ওয়ার্নার এবং সম্ভবত [ক্যামেরন] ব্যানক্রফট বা [ম্যাট] রেনশ-এর একজনকে ইংল্যান্ডে নিয়ে যাবে এবং ডেভকেই প্রথম ওপেনার বাছাই করা হবে। অথবা তারা এখনই সিদ্ধান্ত নেবে এবং দুজন তরুণকে নিয়ে গিয়ে, এখনই একটা পরিবর্তন করবে।”

close whatsapp