“যেভাবে প্রত্যাবর্তন ঘটিয়েছে তা সত্যিই প্রশংসনীয়”, কেকেআরের প্রত্যাবর্তনকে কুর্নিশ ইরফান পাঠান ও আকাশ চোপড়ার

শেষ ৭ ম্যাচে ৫ জয় নাইটদের

Aakash Chopra and Irfan Pathan
Aakash Chopra and Irfan Pathan. (Photo Source: Instagram)

আইপিএল ২০২১-এর লিগ পর্ব শেষ। প্লে-অফে কোন চারটি দল খেলবে সেটিও নির্ধারিত হয়ে গেছে। ট্রফি ঘরে তোলার জন্য এখন লড়াই দিল্লী ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। প্লে-অফের ম্যাচগুলো যে উত্তেজক হতে চলেছে তা বলাই বাহুল্য। কোয়ালিফাই করা চারটি দলের মধ্যে কলকাতা নাইট রাইডার্স সংযুক্ত আরব আমিরশাহীতে এসে যে মনোমুগ্ধকর খেলা দেখিয়েছে তাতে অনেকের মনেই আশা জেগেছে যে নাইটরা হয়তো তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে চলেছে।

মে মাসে যখন আইপিএল মাঝপথে স্থগিত করে দিতে হয় তখন মর্গ্যানবাহিনী ৫ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় লাভ করে ৭ নম্বর স্থানে ছিল। কিন্তু আরবে এসে তাদের পারফর্ম্যান্স ১৮০ ডিগ্রী ঘুরে যায়। বাকি ৭টি ম্যাচের মধ্যে ৫টিতে জিতে দারুণভাবে প্রত্যাবর্তন করে। এমন কী এটা বলাও খুব একটা বাড়াবাড়ি হবে না যে আইপিএলের আরব পর্বের সেরা দল ছিল কেকেআর।

কেকেআরের খেলা দেখে মনে হচ্ছিল না প্রথম চারে জায়গা করে নেবে

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান স্বীকার করেছেন প্রথম পর্বের কেকেআরকে দেখে মনে হয়নি যে তারা প্লে-অফে যেতে পারবে। স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে তিনি বলেন, “তখন কেকেআরের খেলা দেখে মনে হচ্ছিল না প্রথম চারে জায়গা করে নেবে। কিন্তু যেভাবে প্রত্যাবর্তন ঘটিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। বেশ কিছু খামতি এখনো আছে, কিন্তু তা সত্ত্বেও দল হিসেবে ভালো খেলেছে।”

দলকে আরো বেশ কিছু জায়গায় নজর দেওয়ার কথা পাঠান মনে করিয়ে দেওয়ার পাশাপাশি তিনি এও মনে করছেন রাজস্থান রয়ালসের বিরুদ্ধে ইনিংসের শেষের দিকে দীনেশ কার্তিক ও ইয়ন মর্গ্যানের ইনিংস নকআউট ম্যাচের আগে তাঁদের আত্মবিশ্বাস বাড়াবে।

পাঠান আরো বলেন, “গত ম্যাচে কেকেআর ব্যাটিংয়ের শেষের দিকে কার্তিক ও মর্গ্যানের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস তাঁদের মনোবল বাড়াবে, যে আত্মবিশ্বাসটা নিয়ে তাঁরা প্লে-অফে নামতে পারবেন।”

পাঠানের প্রাক্তন সতীর্থ আকাশ চোপড়াও ওই আলোচনার অংশ হিসেবে নিজের মত ব্যক্ত করেছেন। অভাবনীয় প্রত্যাবর্তনের কৃতিত্ব তিনি দিতে চান দলের তরুণদের। তিনি বলেন, “শুবমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, বরুণ চক্রবর্তী, রাহুল ত্রিপাঠী প্রত্যেকে অবদান রেখেছে। মর্গ্যান রান না পেলেও তাঁর অভাব বাকিরা বুঝতে দেয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভারতীয়দের এভাবে জ্বলে উঠতে দেখে ভালো লাগছে, কুর্নিশ তাদের।”

এলিমিনেটরে কেকেআরের সামনে বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। উত্তেজক ম্যাচটি হতে চলেছে ১১ই অক্টোবর শারজায়। কেকেআর চাইবে লিগ পর্যায়ের আত্মবিশ্বাস এলিমিনেটরেও বজায় রাখতে।

উল্লেখ্য, তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল চোটের কারণে শেষ কয়েকটি ম্যাচে নামতে পারেননি। তাঁর জায়গায় নামা শাকিব আল হাসান সাফল্যের সাথে নিজের দায়িত্ব পূরণ করেছেন। রাসেল চোট সারিয়ে ফিরলে নিঃসন্দেহে নাইটরা আরো শক্তিশালী হবে। 

close whatsapp