ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করল আয়ারল্যান্ড

প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন স্টিফেন ডোহেনি ও কোনর ওলফার্ট

Ireland Cricket
Ireland Cricket. (Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)

ক্রিকেট আয়ারল্যান্ড ২৬শে জুন থেকে ডাবলিনের ম্যালাহাইডে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিরুদ্ধে খেলার জন্য ১৪ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছে। প্রথমবারের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় সুযোগ দেওয়ায় হয়েছে ব্যাটার স্টিফেন ডোহেনি এবং ফাস্ট-বোলার কোনর ওলফার্টকে। এ ছাড়া স্কোয়াডের বেশীরভাগ খেলোয়াড়ই নিয়মিত খেলেন জাতীয় দলের হয়ে।

চলমান আন্তঃপ্রাদেশিক টি-টোয়েন্টি ট্রফিতে দুর্দান্ত অভিযানের ফলে ডোহেনি এবং ওলফার্ট উভয়েই দলে জায়গা করে নিয়েছেন। টপ-অর্ডার ব্যাটার ডোহেনি ৫২.৬৭ গড়ে ১৫৮ রান সংগ্রহ করেছেন। ওলফার্ট ১৯.১৭ গড়ে ছয় উইকেট নিয়েছেন।

স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন ম্যাকব্রাইন ও ডকরেল

পল স্টার্লিং, জর্জ ডকরেল, মার্ক অ্যাডেইর, অ্যান্ডি ম্যাকব্রাইনের মতো অন্যান্য বিশিষ্ট নামে ভরা আইরিশ স্কোয়াডের নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু ব্যালবার্নি। স্টার্লিং, ব্যালবার্নি ও হ্যারি টেক্টর ব্যাটিং বিভাগের প্রধান দায়িত্ব সামলাবেন। জোশুয়া লিটল, ক্রেগ ইয়ং ও অ্যাডেইর বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন।

দক্ষিণ আফ্রিকার হাইনরিখ মালান ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আইরিশ পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে তাঁর মেয়াদ শুরু করবেন। ব্যালবার্নি ও তাঁর সতীর্থরা অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রবেশ নিশ্চিত করেছে, কারণ বছরের শুরুর দিকে গ্রুপ কোয়ালিফায়ার এ-তে ফাইনালিস্ট হিসেবে শেষ করেছে তারা।

গত বছরের সিরিজের অংশ হিসেবে হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে পুনঃনির্ধারিত পঞ্চম টেস্টের প্রস্তুতি হিসাবে লেস্টারশায়ারের বিরুদ্ধে চার দিনের ম্যাচে ব্যস্ত থাকবেন ভারতের সিনিয়র তারকারা। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রিত বুমরাহদেরকে তাই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে না।

মেন ইন ব্লু শেষবার ২০১৮ সালে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আয়ারল্যান্ড সফর করেছিল এবং সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছিল। আসন্ন সিরিজের দুটি খেলাই অনুষ্ঠিত হবে ম্যালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে, যেটি ‘দ্য ভিলেজ’ নামে পরিচিত।

ভারতের বিরুদ্ধে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আয়ারল্যান্ড স্কোয়াড: অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডেইর, কার্টিস ক্যাম্পফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, কোনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরক্যান টাকার, ক্রেগ ইয়াং।

close whatsapp