আইপিএল ২০২৩ টিম প্রিভিউ: লখনউ সুপার জায়ান্টস – শক্তি, দুর্বলতা, সম্ভাব্য একাদশ
দলের প্রধান শক্তির জায়গা অলরাউন্ডারদের প্রাচুর্য
আপডেট করা - Mar 30, 2023 5:46 pm

আইপিএল ২০২২-এ প্রথম আবির্ভাবেই চমক সৃষ্টি করেছিল লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এবং লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৯টি জিতে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থেকে প্লে-অফ পর্বে পৌঁছেছিল কেএল রাহুলের নেতৃত্বাধীন দল। এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হেরে যাওয়ার পরে তাদের অভিযান শেষ হয়ে যায়। আসন্ন মরসুমে তারা চায়বে আরও এক ধাপ এগিয়ে ফাইনালে উঠে শিরোপা দখল করার।
মরসুম শুরু হওয়ার আগে আয়োজিত মিনি-নিলামে লখনউ-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি বেশ কিছু তারকা খেলোয়াড়কে কিনেছিল। ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার-ব্যাটার নিকোলাস পুরানের জন্য এলএসজি ১৬ কোটি টাকা ব্যয় করেছিল। এ ছাড়া আরও তিন বিদেশীকে কিনেছিল এলএসজি – রোমারিও শেফার্ড, নাভীন-উল-হক, ড্যানিয়েল স্যামস।
ভারতীয়দের মধ্যে উল্লেখযোগ্য ক্রয় ছিলেন জয়দেব উনাদকাট। ঘরোয়া ক্রিকেট থেকে এলএসজি বাছাই করেছিল যুধবীর চরক, প্রেরক মাঁকড়, স্বপ্নিল সিং, যশ ঠাকুরকে। দলে এসেছেন বর্ষীয়ান স্পিনার অমিত মিশ্রও। তবে গত মরসুমে ভালো পারফর্ম করা মহসিন খান চোটের কারণে বেশ কিছু ম্যাচে খেলতে পারবেন না।
শক্তি
এলএসজির স্কোয়াড অলরাউন্ডারে বোঝাই। অধিনায়ক রাহুল, কুইন্টন ডি কক ও নিকোলাস পুরান বাদ দিয়ে বাকীরা প্রত্যেকেই কার্যকরী বোলিং করতে সক্ষম। পেসারদের মধ্যে মার্ক উড, জয়দেব উনাদকাট, ড্যানিয়েল স্যামসরা ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। অলরাউন্ডারে পূর্ণ স্কোয়াড হওয়ায় এলএসজি তাদের প্রথম একাদশের কম্বিনেশনে বৈচিত্র্য দেখাতে পারবে।
দুর্বলতা
উইকেটশিকারী স্পিনারের অভাব ভোগাতে পারে লখনউকে। দলের প্রধান স্পিনার রবি বিষ্ণোই গত মরসুমে ১৪ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন ৮.৪৪ ইকোনমি রেটে। স্পিন বোলিং অলরাউন্ডার ১৪ ম্যাচে নিয়েছিলেন ১০ উইকেট। স্কোয়াডে স্পিন বোলিং বিকল্প হিসেবে অমিত মিশ্র থাকলেও ৪০ বছর বয়সী কেরিয়ারের শেষ প্রান্তে এসে কতটা প্রভাব সৃষ্টি করতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সম্পূর্ণ স্কোয়াড
কেএল রাহুল (অধিনায়ক), আয়ুষ বাদোনি, করণ শর্মা, মনন ভোহরা, কুইন্টন ডি কক, মার্কাস স্টইনিস, কৃষ্ণাপ্পা গৌথাম, দীপক হুডা, কাইল মেয়ার্স, ক্রূণাল পান্ডিয়া, আভেশ খান, মহসিন খান, মার্ক উড, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই, নিকোলাস পুরান, জয়দেব উনাদকাট, যশ ঠাকুর, রোমারিও শেফার্ড, ড্যানিয়েল স্যামস, অমিত মিশ্র, প্রেরক মাঁকড়, স্বপ্নিল সিং, নাভীন-উল-হক, যুধবীর চরক।
প্রথম ম্যাচের জন্য সম্ভাব্য একাদশ
কেএল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), দীপক হুডা, নিকোলাস পুরান, মার্কাস স্টইনিস, প্রেরক মাঁকড়, ক্রূণাল পান্ডিয়া, মার্ক উড, রবি বিষ্ণোই, জয়দেব উনাদকাট, আভেশ খান।
আইপিএল ২০২৩-এ এলএসজির সম্পূর্ণ সূচী
| ম্যাচ নম্বর | তারিখ | ম্যাচ | কেন্দ্র | সময় (ভারতীয়) |
| ৩ | এপ্রিল ১ | লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস | লখনউ | সন্ধ্যা ৭:৩০ |
| ৬ | এপ্রিল ৩ | চেন্নাই সুপার কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস | চেন্নাই | সন্ধ্যা ৭:৩০ |
| ১০ | এপ্রিল ৭ | লখনউ সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ | লখনউ | সন্ধ্যা ৭:৩০ |
| ১৫ | এপ্রিল ১০ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস | বেঙ্গালুরু | সন্ধ্যা ৭:৩০ |
| ২১ | এপ্রিল ১৫ | লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস | লখনউ | সন্ধ্যা ৭:৩০ |
| ২৬ | এপ্রিল ১৯ | রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস | জয়পুর | সন্ধ্যা ৭:৩০ |
| ৩০ | এপ্রিল ২২ | লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্স | লখনউ | দুপুর ৩:৩০ |
| ৩৮ | এপ্রিল ২৮ | পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস | মোহালি | সন্ধ্যা ৭:৩০ |
| ৪৩ | মে ১ | লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | লখনউ | সন্ধ্যা ৭:৩০ |
| ৪৬ | মে ৪ | লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস | লখনউ | দুপুর ৩:৩০ |
| ৫১ | মে ৭ | গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস | আহমেদাবাদ | দুপুর ৩:৩০ |
| ৫৮ | মে ১৩ | সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস | হায়দ্রাবাদ | দুপুর ৩:৩০ |
| ৬৩ | মে ১৬ | লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স | লখনউ | সন্ধ্যা ৭:৩০ |
| ৬৮ | মে ২০ | কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস | কলকাতা | সন্ধ্যা ৭:৩০ |