আইপিএল ২০২৩, ম্যাচ ৪৭: এসআরএইচ বনাম কেকেআর, কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ
জেসন রয় চোটমুক্ত থাকলে একাদশে ফিরে আসবেন
আপডেট করা - May 3, 2023 10:37 pm

আইপিএল ২০২৩-এ তাদের নবম ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৬ উইকেটে হারার পরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে নেমে গেছে। ৪ঠা মে, বৃহস্পতিবার, চলমান মরসুমের ৪৭তম ম্যাচে কেকেআর তাদের আসন্ন ম্যাচে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলতে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)-এর বিরুদ্ধে।
দুই দলের মধ্যে আগের ম্যাচে কেকেআর ঘরের মাঠে এসআরএইচের বিরুদ্ধে ২৩ রানে হেরেছিল। পয়েন্ট তালিকায় নবম স্থানে থাকা এইডেন মার্করামের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে নামার আগে দেখে নেওয়া যাক কেকেআরের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।
আগের ম্যাচে জেসন রয় চোটের কারণে খেলতে পারেননি। তিনি ফিটনেস ফিরে পেলে, আবার একাদশে প্রত্যাবর্তন করবেন এবং ওপেনার হিসেবে দেখা যাবে তাঁকে। টাইটান্সের বিপক্ষে কেকেআরের গত ম্যাচে মাত্র ৩৯ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন রহমানউল্লাহ্ গুরবাজ। তাঁর হাতে আবার উইকেটকিপারের গ্লাভস উঠে আসতে পারে এবং বাদ দেওয়া হতে পারে নারায়ণ জগদীসানকে।
কেকেআরের একাদশে প্রত্যাবর্তন হতে পারে জেসন রয়ের
আগের ম্যাচে শার্দূল ঠাকুরকে তিনে পাঠানোর পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কারণ অলরাউন্ডার ডাকে আউট হন। আসন্ন ম্যাচে তিন নম্বরে আবার ভেঙ্কটেশ আইয়ারের প্রত্যাবর্তন হতে পারে। অধিনায়ক নীতীশ রানাকে দেখা যেতে পারে পাঁচ নম্বরে। ব্যাটার হিসেবে আন্দ্রে রাসেলকে অনেকটাই নীচে নামানো হচ্ছে এবং তিনি বড় ইনিংস খেলার সময় পাচ্ছেন না। কেকেআর তাঁকে পাঁচ নম্বরে পাঠানোর পরিকল্পনা করতে পারে।
গত ম্যাচে রিঙ্কু সিং একেবারেই ছন্দে ছিলেন না এবং ২০ বলে ১৯ রান করেছিলেন। স্পিনের বিরুদ্ধে বিশেষ সাবলীল দেখায়নি তাঁকে। এসআরএইচের বিরুদ্ধে তাঁকে যতটা সম্ভব পেসারদের সম্মুখীন হওয়ার পরিকল্পনা করতে পারে কেকেআর। সেক্ষেত্রে অবশিষ্ট ওভার বুঝে তাঁকে ছয় বা সাত নম্বরে নামানো হতে পারে। রিঙ্কুকে সাতে খেলানো হলে, শার্দূল ঠাকুর ছয় নম্বরে নামতে পারেন।
ডেভিড ভিসা আগের ম্যাচে বোলিং না করলেও ব্যাট হাতে অবদান রেখেছেন। হায়দ্রাবাদের মাঠে বোলার হিসেবেও ব্যবহৃত হতে পারেন ভিসা। বিদেশী স্লটের অভাবে সিনিয়র স্পিনার সুনীল নারিনকে বাদ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে স্পিনার হিসেবে আসতে পারেন অনুকূল রায়।
হার্ষিত রানা আগের ম্যাচে হার্দিক পান্ডিয়াকে আউট করেছিলেন এবং একাদশে তাঁর স্থান ধরে রাখতে পারেন। বাকী দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মার একজনকে ব্যাটিংয়ের সময়ে রেখে, বোলিংয়ের সময়ে অন্যজনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা হতে পারে।
প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ: জেসন রয়, রহমানউল্লাহ্ গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, ডেভিড ভিসা, অনুকূল রায়, হার্ষিত রানা, সুয়াশ শর্মা।
প্রথমে বোলিং করলে সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ্ গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, ডেভিড ভিসা, অনুকূল রায়, হার্ষিত রানা, সুয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী।