আইপিএল ২০২৩, ম্যাচ ৩৩: কেকেআর বনাম সিএসকে, কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ
কেকেআরের হয়ে অভিষেক হতে পারে ডেভিড ভিসার
আপডেট করা - Apr 22, 2023 3:28 pm

ঘরের মাঠে ফিরে আইপিএল ২০২৩-এর ৩৩তম ম্যাচে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই মরসুমে কেকেআরের সপ্তম ম্যাচে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এখনও অবধি ছয় ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতে কেকেআর পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে।
আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারার পরে আসন্ন ম্যাচে কেকেআর তাদের একাদশে কিছু পরিবর্তন করতে পারে। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা সিএসকের প্রতিদ্বন্দ্বিতা করার আগে দেখে নেওয়া যাক কেকেআরের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।
জেসন রয় ও লিটন দাসের ওপেনিং জুটি কেকেআরকে ভরসা যোগাতে পারেনি। লিটন আইপিএল অভিষেকে মাত্র ৪ রান করতে সক্ষম হন এবং গ্লাভস হাতে দুটি স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন। অন্যদিকে রয় ৪৩ রান করে কলকাতার সর্বোচ্চ স্কোরার ছিলেন। সিএসকের কাছে যেহেতু তীব্র গতির পেসার খুব বেশী নেই, তাই সুনীল নারিনকে ওপেনার হিসেবে খেলিয়ে দেখতে পারে নীতীশ রানার নেতৃত্বাধীন দল।
লিটন বাদ গেলে উইকেটকিপার হিসেবে দায়িত্ব নিতে পারেন নারায়ণ জগদীসন। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ২১ বলে ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। তবে জগদীসনকে ব্যাটিং ক্রমে উপরের দিকে না রেখে নীচে রাখার কথা ভাবতে পারে কেকেআর। আগের ম্যাচে ডাকে আউট হলেও তিন নম্বরে নেমে সেঞ্চুরি করেছেন ভেঙ্কটেশ আইয়ার। তাই সেই পজিশনে ভেঙ্কটেশের সুযোগ পাওয়া নিশ্চিত।
ব্যাটিং গভীরতা বাড়ানোর কথা ভাবতে পারে কেকেআর
চার নম্বরে অধিনায়ক নীতীশ রানা নামতে পারেন। সিএসকের তিন স্পিনার – রবীন্দ্র জাডেজা, মইন আলি ও মাহীষ থীকশানাকে সামলানোর জন্য কেকেআরের অন্যতম ভরসা হবেন নীতীশ। আগের ম্যাচে ধারাবাহিকভাবে কেকেআর উইকেট হারালেও আন্দ্রে রাসেল শেষ অবধি টিঁকে থেকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দিয়েছিলেন। চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁকে পাঁচে খেলিয়ে অতিরিক্ত ওভার দেওয়ার কথা ভাবা যেতে পারে।
ফিনিশারের ভূমিকায় রিঙ্কু সিং অনবদ্য পারফর্ম করছেন এবং ছয় নম্বর পজিশনে তিনিই হবেন সেরা বাছাই। লিটনকে বাদ দেওয়ার ফলে যে বিদেশী স্লটটি পাওয়া গেছে, তা ব্যবহার করা যেতে পারে অভিজ্ঞ অলরাউন্ডার ডেভিড ভিসাকে খেলিয়ে। আগের ম্যাচে বাদ যাওয়ার পরে, আট নম্বরে আবার শার্দূল ঠাকুরকে ব্যাটিং করতে দেখা যেতে পারে।
অনুকূল রায় গত ম্যাচে দুই উইকেট নিয়ে ভালো পারফর্ম করেছিলেন এবং তাঁকে আবারও একাদশে রাখা হতে পারে। অভিজ্ঞ পেসার উমেশ যাদব বিশেষ ফর্মে না থাকায়, তাঁকে বাদ দেওয়া হলে বৈভব আরোরাকে নেওয়া যেতে পারে। স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বোলিংয়ের সময়ে আসবেন।
প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ: জেসন রয়, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, ডেভিড ভিসা, শার্দূল ঠাকুর, নারায়ণ জগদীসন (উইকেটকিপার), অনুকূল রায়, উমেশ যাদব/বৈভব আরোরা।
প্রথমে বোলিং করলে সম্ভাব্য একাদশ: সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, ডেভিড ভিসা, শার্দূল ঠাকুর, নারায়ণ জগদীসন (উইকেটকিপার), অনুকূল রায়, উমেশ যাদব/বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী।