আইপিএল ২০২৩, ম্যাচ ১৯: কেকেআর বনাম এসআরএইচ, সানরাইজার্সের হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ
বাদ যেতে পারেন অফ স্পিন বোলিং অলরাউন্ডার
আপডেট করা - Apr 13, 2023 5:05 pm

সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) এখনও অবধি তিনটি ম্যাচ খেলে দুটিতে হেরেছে এবং একটিতে জিতেছে। আগের ম্যাচে তাদের ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৪৪ রান তাড়া করেছিল ১৭ বল বাকী থাকতে এবং ৮ উইকেটে জিতে এই মরসুমে তাদের প্রথম দুই পয়েন্ট অর্জন করেছিল। ২ পয়েন্টসহ এসআরএইচ এখন পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে।
আসন্ন ম্যাচের আগে এসআরএইচের একাদশে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। অফ ফর্মে থাকা খেলোয়াড়দের বাদ দিয়ে নতুন কম্বিনেশনে ইডেন গার্ডেন্সে নামতে দেখা যেতে পারে অরেঞ্জ ব্রিগেডকে। কেকেআরের বিরুদ্ধে জিতে পয়েন্ট তালিকায় উপরের দিকে উঠে আসার লক্ষ্য থাকবে এসআরএইচ।
সানরাইজার্স হায়দ্রাবাদ দলের কম্বিনেশন
১৩.২৫ কোটি টাকা দিয়ে কেনা হলেও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এখনও প্রত্যাশিত পারফর্ম্যান্স দেখাতে পারেননি হ্যারি ব্রুক। তিন ম্যাচ খেলে মাত্র ২৯ রান করেছেন ৭৪.৩৬ স্ট্রাইক রেটে। তাঁকে বাদ দিয়ে অভিষেক শর্মাকে ওপেনার হিসেবে খেলানো হতে পারে। এসআরএইচের ব্যাটিং লাইন-আপে বাঁ-হাতি ব্যাটার কম থাকায় অভিষেকের সংযোজন কার্যকরী হতে পারে। অন্য ওপেনার হিসেবে মায়াঙ্ক আগরওয়াল তাঁর পজিশন ধরে রাখবে।
এ ছাড়া তিন ও চার নম্বরে আগের ম্যাচের মতোই রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম খেলবেন। ত্রিপাঠী ৭৪* (৪৮) ও মার্করাম ৩৭* (২১) পাঞ্জাব কিংসের বিপক্ষে ১০০ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েছিলেন। ব্রুককে বাদ দিয়ে বিদেশী ব্যাটার হিসেবে গ্লেন ফিলিপ্সকে একাদশে ফেরানো হতে পারে। উইকেটকিপার হিসেবে জায়গা ধরে রাখবেন হাইনরিখ ক্লাসেন। লোয়ার মিডল অর্ডারে আব্দুল সামাদ ভরসা যোগানোয় তাঁকেই সাত নম্বরে রাখা হতে পারে।
আইপিএল ২০২৩-এ প্রথম ম্যাচ খেলতে নেমে মার্কো য়্যানসেন ৩ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে প্রভাব বিস্তার করেছিলেন এবং তাঁর ব্যাটিং দক্ষতাও থাকায় কেকেআরের বিরুদ্ধে তাঁকে আট নম্বরে খেলতে দেখা যেতে পারে। ওয়াশিংটন সুন্দর এখনও অবধি ৩ ম্যাচ খেলে একটিও উইকেট নেননি এবং মাত্র ১৭ রান করায়, তাঁকে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে। মায়াঙ্ক মার্কান্ডে এসআরএইচের হয়ে প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে দুর্দান্ত পারফর্ম্যান্স দেখানোয়, ইডেন গার্ডেন্সে তিনিই হবেন দলের মুখ্য স্পিনার।
প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), গ্লেন ফিলিপ্স, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আব্দুল সামাদ, মার্কো য়্যানসেন, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, ভুবনেশ্বর কুমার।
প্রথমে বোলিং করলে সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), গ্লেন ফিলিপ্স, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আব্দুল সামাদ, মার্কো য়্যানসেন, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন।