আইপিএল নিলামে কোন খেলোয়াড়কে কিনতে আগ্রহী তা শর্টলিস্টের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিদের জানাতে হবে ৯ই ডিসেম্বরের মধ্যে

মোট ৯৯১জন খেলোয়াড় তাঁদের নাম নিলামের তালিকার অন্তর্ভুক্ত করেছেন

IPL Trophy
IPL Trophy. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরের বছরের সংস্করণের আগে ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের স্কোয়াড গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে মিনি-নিলামে। ১লা ডিসেম্বর, বৃহস্পতিবার, প্রকাশিত তালিকা থেকে জানা গেছে আসন্ন আইপিএল ২০২৩ নিলামের জন্য ৯৯১ জন খেলোয়াড় নিজেদের নথিভুক্ত করেছেন। অংশগ্রহণকারী দশটি ফ্র্যাঞ্চাইজিকে নিলামের জন্য তাঁদের পছন্দের সংক্ষিপ্ত তালিকাভুক্ত খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে ৯ই ডিসেম্বরের মধ্যে।

আইপিএল ২০২৩ নিলাম ২৩শে ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে নাম নথিভুক্ত করেছেন মোট ৭১৪জন ভারতীয় খেলোয়াড়। এ ছাড়া বিদেশী খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় থাকছেন অস্ট্রেলিয়া (৫৭), দক্ষিণ আফ্রিকা (৫২), ওয়েস্ট ইন্ডিজ (৩৩) এবং ইংল্যান্ড (৩১)-এর ক্রিকেটাররা৷

ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানানো হয়েছে যেসব খেলোয়াড়দের তারা নিতে আগ্রহী তাঁদের নাম ৯ই ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত করে জমা দিতে। ২৩শে ডিসেম্বর কোচিতে সেই সংক্ষিপ্ত তালিকাভুক্ত খেলোয়াড়দেরই নিলাম হবে। বেন স্টোকস, স্যাম কারানসহ মোট ২১জন খেলোয়াড় ₹২ কোটির সর্বোচ্চ বেস প্রাইস বন্ধনীতে নিজেদের নাম নথিভুক্ত করলেও কোন ভারতীয় খেলোয়াড়ের নিলামই ₹২ কোটি থেকে শুরু হবে না। এর আগে টুর্নামেন্টের ইতিহাসে কখনই ভারতীয় খেলোয়াড়রা সর্বোচ্চ বেস প্রাইস বন্ধনীর বাইরে থাকেনি।

পাঞ্জাব কিংসের প্রাক্তন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল এবং ভারতীয় দলের হয়ে খেলা কেদার যাদব এবং মণীশ পান্ডে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশী প্রাইস – ₹১ কোটি – নিয়ে নিলামে থাকছেন। সৌরাষ্ট্রর হয়ে বিজয় হাজারে ট্রফি জয়ে নেতৃত্ব দেওয়া জয়দেব উনাদকাট ₹৫০ লাখ বন্ধনীতে রেখেছেন এবং অভিজ্ঞ ভারতীয় ব্যাটিং তারকা আজিঙ্ক্যা রাহানেও সেখানে আছেন।

এর আগে, ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের ধরে রাখা খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল ১৫ই নভেম্বর। তাদের বর্তমান দল থেকে মোট ৮৫জন খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হয়েছিল। এই মাসের শেষের দিকে আসন্ন মিনি-নিলাম দলগুলিকে তাদের স্কোয়াডের ভারসাম্য বজায় রাখার সুযোগ প্রদান করবে। সানরাইজার্স হায়দ্রাবাদ ₹৪২.২৫ কোটি হাতে রেখেছে এবং সমস্ত দলের মধ্যে তাদের অবশিষ্ট অর্থর পরিমাণই সর্বোচ্চ। অন্যদিকে, দুইবারের আইপিএল বিজয়ী কলকাতা নাইট রাইডার্সের কাছে সবচেয়ে কম অর্থ – ₹৭.০৫ কোটি – রয়েছে।

close whatsapp