“একটি অন্যরকম অনুভূতি” – পাঁচ বছর ধরে তাদের হয়ে খেলার পর সানরাইজার্সের বিরুদ্ধে নামার আগে রশিদ খান

মেগা নিলামের আগে ১৫ কোটি টাকায় ড্রাফট থেকে সই করানো হয় রশিদকে

Rashid Khan
Rashid Khan. (Photo Source: IPL/BCCI)

১১ই এপ্রিল (সোমবার) ডাঃ ডিওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে আয়োজিত হতে চলা গ্রুপ পর্বের ম্যাচে গুজরাত টাইটান্সের লেগ-স্পিনার রশিদ খান তাঁর প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে খেলার জন্য উন্মুখ। উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ মেগা নিলামের আগে রশিদ খানকে ১৫ কোটি টাকার বিশাল অঙ্কের অর্থের চুক্তিতে টাইটান্স দলে অন্তর্ভুক্ত করেছিল।

আইপিএল ২০২২-এ টাইটান্স এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল। তারা তিনটি ম্যাচের তিনটিতেই জিতেছে। এখনও অবধি তারা লখনউ সুপার জায়ান্টস (এলএসজি), দিল্লি ক্যাপিটালস (ডিসি) এবং পাঞ্জাব কিংসের (পিবিকেএস) মুখোমুখি হয়েছে। দিল্লি ম্যাচটি বাদে বাকি দুটিই বেশ হাড্ডাহাড্ডি হয়েছে। জিটি বর্তমানে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এবং এসআরএইচের বিরুদ্ধে জয় তাদের শীর্ষে নিয়ে যাবে।

গুজরাত টাইটান্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে কথা বলার সময়, রশিদ খান স্বীকার করেছেন যে তাঁর প্রাক্তন আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে নামা তাঁর জন্য একটি আলাদা অনুভূতি। তিনি এসআরএইচ অধিনায়ক কেন উইলিয়ামসনের বিরুদ্ধে বোলিং করার জন্যও মুখিয়ে আছেন। “একটি দল হিসেবে, আমরা এসআরএইচের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা তাদের শক্তি জানি এবং তারা কী করতে পারে জনাই। কিন্তু আমরা আমাদের শক্তি সম্পর্কে অবগত এবং সেদিকে মনোযোগ দেওয়া দরকার।”

উইলিয়ামসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ভক্তরা পছন্দ করবে: রশিদ খান

যে দল তাঁকে আইপিএলে পরিচিতি দিয়েছে সেই সানরাইজার্সের বিরুদ্ধে নামার আগে রশিদ জানিয়েছেন, “যে দলের হয়ে আমি পাঁচ বছর ধরে খেলেছি, এই বছর আমি তাদের বিপক্ষে খেলছি এবং এটি একটি অন্যরকম অনুভূতি। কেনের (উইলিয়ামসন) মতো একজন ব্যাটারের সামনে বোলিং করাটা সবসময়ই একজন বোলার হিসেবে আমার জন্য দারুণ আনন্দের। আমরা একসাথে পাঁচটি বছর ভালো কাটিয়েছি।”

কেন উইলিয়ামসনের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে আরও বিস্তারিত বলেছেন রশিদ, “যখন আমাদের নেটে প্রতিযোগিতা চলত তখন আমি তাকে পরাজিত করার চেষ্টা করতাম এবং সে আমার বিরুদ্ধে আউট না হওয়ার চেষ্টা করত। এখন একে অপরের বিরুদ্ধে নামছি এবং আমি মনে করি ভক্তরা এটি দেখতে পছন্দ করবে,” রশিদ বলেছেন।   

এদিকে, গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) পরাজিত করার পর, এসআরএইচ আহমেদাবাদ-কেন্দ্রিক ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে বলে আশা করা হচ্ছে। অধিনায়ক কেন উইলিয়ামসন, অন্য ওপেনার অভিষেক শর্মার সাথে অরেঞ্জ আর্মিকে ভালো শুরু দেওয়ার দায়িত্বে থাকবেন। উইকেটকিপার-ব্যাটার নিকোলাস পুরান এবং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরেরও এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।  

close whatsapp