ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পঞ্চম টি-২০, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

৮৭ রানে অল আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকা কীভাবে প্রত্যাবর্তন করে সেই দিকে নজর থাকবে

India vs south africa
India. (Photo Source: BCCI )

পাঁচ ম্যাচের সিরিজের শেষ ম্যাচে এসে উপনীত হয়েছি আমরা এবং বেঙ্গালুরুতে আয়োজিত পঞ্চম টি-২০তে নির্ধারণ হবে কোন দল সিরিজের অধিকারী হবে। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে কার্যত ধ্বংস করে দিয়েছে ভারত এবং ৮৭ রানে সীমাবদ্ধ রাখে প্রতিপক্ষকে। ৮২ রানের বিশাল জয় অর্জন করায় ভারত আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামলেও তাদের অধিনায়ক ঋষভ পান্তের ফর্ম উদ্বেগের কারণ হবে টিম ম্যানেজমেন্টের জন্য।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা সিরিজ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে থেকে পরপর দুই ম্যাচ বড় ব্যবধানে হেরেছে। আগের ম্যাচে ৮৭ রানে অল আউট হয়ে তারা টি-২০র ইতিহাসে তাদের সর্বনিম্ন স্কোর নথিবদ্ধ করেছে। দলে বেশ কিছু পরিবর্তন করে সিরিজ জিতে যাওয়ার লক্ষ্যে থাকবে প্রোটিয়ারা। অধিনায়ক তেম্বা বাভুমা গত ম্যাচে চোট পেয়ে মাঝপথে মাঠ ছেড়ে ছিলেন। তাঁর খেলা এখনও নিশ্চিত নয়।

পিচ রিপোর্ট

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ ব্যাটারদের স্বর্গ। স্পিনাররা খুব বেশী লাভবান হবেন না এই পিচ থেকে। ফলে পেসারদেরকেই রান নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব নিতে হবে। ১৮০-র কাছাকাছি স্কোর ওঠার সম্ভাবনা।

কোন দলের কেমন কম্বিনেশন

ভারত

সিরিজটি যেহেতু আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে খেলছে ভারত তাই তারা বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার কথা ভাবতে পারে। সেক্ষেত্রে ইতিমধ্যেই রান পেয়ে যাওয়া ঈশান কিষাণকে বিশ্রাম দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে খেলাতে পারে। এ ছাড়া চাহালের পরিবর্তে তরুণ লেগ-স্পিনার রবি বিষ্ণোইকে একটি সুযোগ দেওয়া হতে পারে। শ্রেয়াস আইয়ার খুবই কম স্ট্রাইক রেটে খেলছেন, তাই তাঁর জায়গায় দীপক হুডা সুযোগ পেতে পারেন।

সম্ভাব্য একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, রুতুরাজ গায়কওয়াড়, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক হুডা, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, রবি বিষ্ণোই।

দক্ষিণ আফ্রিকা

চতুর্থ ম্যাচে বিশ্রাম পাওয়ার পর রাবাডা ও পার্নেলকে ফিরিয়ে আনতে পারে দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া ব্যাটিং শক্তিশালী করার জন্য নবাগত স্টাবসকেও খেলতে দেখা যেতে পারে। বেঙ্গালুরুর ছোট মাঠে দুই স্পিনার খেলানো ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই তাব্রেইজ শামসি বাদ যেতে পারেন। ডোয়েন প্রিটোরিয়াস ও অনরিখ নর্কিয়ার বোলিংয়ে এখনও অবধি বিশেষ ধার দেখা যায়নি, তাই এই দুজনও বাদ যেতে পারেন।

সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফান ডার ডাসেন, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, মার্কো য়্যানসেন, কাগিসো রাবাডা, লুঙ্গি ঙ্গিডি।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা হেড-টু-হেড

ম্যাচ – ১৯, ভারত – ১১, দক্ষিণ আফ্রিকা – ৮

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭টা

টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার

close whatsapp