ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে বার্বাডোজে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল

India Team
India Team. ( Image Source: BCCI )

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল।  অস্ট্রেলিয়ার কাছে ফাইনালের মঞ্চে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। এবার ভারতের সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগমী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানে নামার আগেই প্রস্তুুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছে না ভারতীয় শিবির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। বার্বাডোজেই সেই দুই ম্যাচ খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

গত শুক্রবারই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে। টেস্ট এবং একদিনের ফর্ম্যাটের দল ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে। সেখানেই এবার ভারতীয় শিবিরে রয়েছে বেশ কিছু তরুণ ক্রিকেটারদের নাম। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা, উমেশ যাদবদের মতো ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে জয় দিয়েই শুরু করার লক্ষ্যে রয়েছে ভারতীয় শিবির। সেজন্যই প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছে না তারা।

২ জুলাইয়ের মধ্যেই বার্বাডোজে পৌঁছে যাবে ভারতীয় দলের ক্রিকেটাররা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর আপাতত ভারতীয় দলের ক্রিকেটাররা ছুটি কাটাতে ব্যস্ত রয়েছেন। এই মুহূর্তে লন্ডনেই রয়েছেন ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। একসঙ্গে নয় আলাদা আালাদা ভাবেই ক্রিকেটাররা বার্বাডোজের উদ্দেশে রওনা দেবেন। একসঙ্গে টিকিট পাওয়ার সমস্যা হচ্ছে বলেই ভাগে ভাগে ভারতীয় দলের ক্রিকেটারদের ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে পৌঁছনোর পর বেশ কয়েকটা দিন সময় পাবেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সেই সময়ই দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

যদিও সেই ম্যাচগুলো অবশ্য প্রথম শ্রেনীর ক্রিকটের অন্তর্গত হবে না। শোনাযাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। সেখানে বেশকিছু স্থানীয় ক্রিকেটারদের নিয়েই ইন্টার স্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিত শর্মা বিরাট কোহলিরা। প্রথম ম্যাচ রোসৌতে হলেও ভারতীয় দল কিন্তু নিেজেদের প্রস্তুতির জন্য বার্বাডোসকেই বেছে নিয়েছে।

কারণ রসৌয়ের খারাপ পরিকাঠামোর জন্যই এমন সিদ্ধান্তের পথে হেঁটেছে তারা। সেইভাবেই চলছে নানান হিসাব নিকাশ। শোনাযাচ্ছে আগামী ২ জুলাইয়ের মধ্যেই প্রতিটি ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে যাবে। সেখানে শুরুতেই ভারতীয় দলের সামনে রয়েছে জোড়া টেস্ট ম্যাচের সিরিজ। এরপর তিনটি ওডিআই ম্যাচ এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল।

close whatsapp