রাহুল দ্রাবিড়ের প্রস্তাব মেনে বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন
আপডেট করা - Aug 1, 2022 7:29 pm

গতবারের বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারতীয় দল। গ্রুপ পর্ব থেকে চিটকে গিয়েছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। একবছর কাটতে না কাটতেই ফের একটা বিশ্বকাপ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া। ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। আর সেজন্যই কোনওরকম সমঝোতা করতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেইজন্যই বিশ্বকাপের আগে ভারতীয় ড্রেসিংরুমের নতুন অতিথি এবার প্যাডি আপটন। বিশ্বকাপ পর্যন্ত টিম ইন্ডিয়ার মেন্টাল কন্টিশনিং কোচ হিসাবে থাকবেন তিনি।
২০২১ সালের বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনের সামনে পড়েছিল টিম ইন্ডিয়া।যেকোনও বিশ্বকাপের মঞ্চে প্রথমবার পাকিস্তানের কাছে হারতে হয়েছিল তাদের। এরপরই ভারতীয় শিবিরে বহু পরিবর্তন এসেছে। অধিনায়ক বদল যেমন হয়েছে, তেমনই বদল হয়েছে কোচও। ভারতীয় দলের কোচের পদে এসেছেন রাহুল দ্রাবিড়। অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। আর নতুন কোচ রাহুল দ্রাবিড়ের প্রস্তাবেই ভারতীয় দলের কোচিং স্টাফে এবার প্যাডি আপটন।
২০১১ বিশ্বকাপেও ভারতীয় দলের কোচিং স্টাফে ছিলেন প্যাডি আপটন
২০১১ সালে ভারতীয় দলের কোচিং স্টাফে ছিলেন প্যাডি আপটন। গ্যারী কার্স্টেনের সঙ্গী ছিলেন তিনি সেবার। সেইবারই দীর্ঘদিনের খরা কাটিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। সেই প্যাডি আপটনকেই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। সময় নষ্ট করেনি বোর্ডও। বিশ্বকাপ শুরু হওয়ার তিন মাস আগেই রোহিত শর্মাদের কোচিং স্টাফে যুক্ত হলেন প্যাডি আপটন। ভারতের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোচিং স্টাফের ওপরই ভরসা ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
বোর্ডের একসূত্র মারফত নিউ নাইন স্পোর্টসকে জানানো হয়েছে, “টি২০ বিশ্বকাপ পর্যন্ত প্যাডি আপটনকে দলের মেন্টাল কন্ডিশনিং কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় ক্রিকেটের সঙ্গে তাঁর কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তিনি থাকলে ভারতীয় দলের সাপোর্ট স্টাফ লাইনআপও অনেক সাহায্য পাবে”।
আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে বিশ্বকাপ। তার জন্য এখন থেকেই যে রাহুল দ্রাবিড় ঘর গোছাতে শুরু করেছেন তা বেশ স্পষ্ট। ভারতীয় দলের ক্রিকেটার থাকাকালীন ২০১০ সালে প্যাডি আপটনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। একইরকমভাবে রাজস্থান রয়্যালসেও প্যাডি আপটনের সঙ্গে কাজ করেছেন রাহুল দ্রাবিড়।
সেই সমস্ত কথা বিচার করেই বোধহয় প্যাডি আপটনকে ভারতীয় দলের কোচিং স্টাফের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেই কথায় সারাও দিয়েছে বোর্ড। অল্প সময়ের জন্য হলেও রোহিত শর্মাদের মেন্টাল কন্ডিশনিং কোচ হিসাবে দেখা যাবে প্যাডি আপটনকে।