দুবাইয়ে দু:স্বপ্নের ব্যাটিং, চরম ভরাডুবিতে টিম ইন্ডিয়া করল মাত্র ১১০ রান

Virat Kohli
Virat Kohli. (Photo by Aamir QURESHI / AFP) (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

দুবাইয়ে দু:স্বপ্ন। পাকিস্তানের কাছে খারাপভাবে হারের পর টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২-র গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখথুবড়ে পড়ল ভারতীয় ব্যাটিং। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১০ রানে আটকে গেল ভারত। পুরো ব্যাটিং ইউনিট পুরো ব্যর্থ হল। বিরাট কোহলি (৯) থেকে রোহিত শর্মা (১৪), লোকেশ রাহুল (১৮) থেকে ইশান কিশান (৪), ঋষভ পন্থ -সবাই ব্যর্থ। দুরন্ত বোলিং করলেন কিউই বোলাররা, বিশেষ করে ট্রেন্ট বোল্ট (৩/২০), ইশ সোধি (২/১৭)।

খারাপ শট নির্বাচনের জন্য ডুবলেন কোহলিরা। আইপিএলে ছক্কার পর ছক্কা হাঁকানো ভারতীয় ব্যাটসম্যানরা বিশ্বকাপে এসে গুলিয়ে গেলেন। পাকিস্তানের বিরুদ্ধেও প্রথমে ব্যাট করে চরম ভরাডুবি হয়েছিল। যদিও সেদিন বিরাট কোহলি দুরন্ত সেঞ্চুরি করে রানটা কিছুটা লড়ার মত জায়গায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু কিউইদের বিরুদ্ধে সেটাও হল না। শেষের দিকে রবীন্দ্র জাদেজা (১৯ বলে ২৬ অপরাজিত) ভাল না খেললে ভারতের রানটা তিন অঙ্ক ছাড়ায় না। কোহলিকে আজ বিপজ্জনক হয়ে ওঠার আগেই আউট করেন ইশ সোধি।

এই ম্যাচে হারলে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে দাঁড়িয়ে থাকবে টিম ইন্ডিয়া। ৬ দলের গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনালে উঠবে। পাকিস্তান তাদের প্রথম তিনটি ম্যাচে জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। ১১১ রান তুলে ভারতকে হারাতে পারলে কিউইরাও শেষ চারের পথে এগিয়ে যাবে। কোহলিরা পড়ে থাকবেন শূন্যতাতেই। এখন বাঁচাতে পারেন বুমরা-শামি-বরুণ-জাদেজারা আর মিরাকাল।

close whatsapp