দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত, সুযোগ বাংলার মুকেশ ও শাহবাজের

অধিনায়কত্ব করবেন শিখর ধাওয়ান

INDIA_TEAM
Team India. (Image Source: Zimbabwe Cricket)

চলমান টি-২০ সিরিজের পর, ভারত ও দক্ষিণ আফ্রিকা লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার, ৬ই অক্টোবর, থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া  (বিসিসিআই) তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে।

সিনিয়র ব্যাটার শিখর ধাওয়ানকে একদিনের আন্তর্জাতিক সিরিজের জন্য অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারকে তাঁর সহকারী হিসেবে মনোনীত করা হয়েছে। উল্লেখ্য, প্রোটিয়াদের বিপক্ষে এই ঘরোয়া সাদা-বল সিরিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডে সুযোগ পাওয়া একজন খেলোয়াড়ও খেলবেন না। 

ধাওয়ানের মতো একজন অভিজ্ঞ ব্যাটারের নেতৃত্বে দলে বেশ কিছু নতুন মুখ রাখা হয়েছে। এর আগে শাহবাজ আহমেদ জিম্বাবোয়ে সফরে সুযোগ পেলেও কোন ম্যাচ খেলেননি, এই সিরিজে তাঁকে আবারও নেওয়া হয়েছে। এ ছাড়া মধ্যপ্রদেশের মিডল অর্ডার ব্যাটার রজত পাটিদার ও বাংলার পেসার মুকেশ কুমারকে প্রথমবারের জন্য ভারতীয় দলে ডাকা হয়েছে। গত মাসে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে এই দুই খেলোয়াড় অনবদ্য পারফর্ম্যান্স দেখানোর পুরস্কার পেলেন।

স্কোয়াডে দুইজন রিস্ট স্পিনার – কুলদীপ যাদব ও রবি বিষ্ণোই

ভারতের শেষ ওডিআই সিরিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে যে দল খেলেছিল সেই দলের মধ্য থেকে শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, আভেশ খান, শুবমান গিলরা এই সিরিজেও থাকছেন। বিগত বেশ কয়েকটি সিরিজে ভারতীয় স্কোয়াডের অংশ থাকা সত্ত্বেও এখনও আন্তর্জাতিক অভিষেক না হওয়া রাহুল ত্রিপাঠী আবারও ডাক পেয়েছেন। দুই উইকেটকিপার হিসাবে থাকবেন ঈশান কিষাণ ও সঞ্জু স্যামসন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, শুবমান গিল, রজত পাটিদার, রাহুল ত্রিপাঠী, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, মুকেশ কুমার, আভেশ খান, মহম্মদ সিরাজ, দীপক চাহার।

close whatsapp