সিরিজ জয়ের লক্ষ্যে রোহিত শর্মারা, দ্বিতীয় ম্যাচেই ওপেনিংয়ে ফিরছেন লোকেশ রাহুল

Indian cricket team
Indian cricket team. (Photo Source: twitter/BCCI)

প্রথম ম্যাচ জয় হয়ে গিয়েছে। রোহিত শর্মাদের লক্ষ্য এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়। আর সেই উদ্দেশ্য নিয়েই বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। ২০০২ সালের পর থেকে এখনও পর্যন্ত ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ হারেনি ভারত। সেই ধারা অব্যহত রাখতেই মরিয়া টিম ইন্ডিয়া। অন্যদিকে কায়রণ পোলার্ডরাও তাদের ২০ বছরের খরা কাটাতে মরিয়া এবার। বুধবার রোহিত নাকি পোলার্ড কার মুখে হাসি ফুটবে সে তো সময়ই বলবে।

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছিল ভারত। ১৭৬ রানের মদ্যে ক্যারিবিয়ান ব্রিগেডকে হারিয়ে সিরিজে-১-০-এ এগিয়ে গিয়েছে রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়া। আহমেদাবাদে দ্বিতীয় ম্যাচ জিততে পারলেই অধিনায়ক রোহিত তাঁর নেতৃত্বে ভারতীয় দলকে প্রথম সিরিজ জয়টা এনে দেবে। আত্মবিশ্বাস থাকলেও, ওয়েস্ট ইন্ডিজকে একেবারেই হাল্কা ভাবে নিতে চাইছে না ভারতীয় দল।

প্রথম ম্যাচে বোলাররা দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করলেও, সেই ম্যাচে কিন্তু ব্যাটাররা সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেননি। চোট সারিয়ে ফিরে রোহিত শর্মা ৬০রান করলেও, বিরাট, ঋষভ পন্থ থেকে ইসান কিষাণরা সকলেই ব্যাট হাতে রান পেতে ব্যর্থ হয়েছিলেন। প্রথম ম্যাচে ব্যাটারদের থেকে যে আরও ভাল পারফরম্যান্স অধিনায়ক আশা করেছিলেন তা রোহিতের ইঙ্গিতেই ছিল স্পষ্ট।

এই ম্যাচে যে দলে পরিবর্তন আসবে তা বলাই বাহুল্য। কারণ রোহিতের মুখে রোটেশন পদ্ধতির কথাও শোনা গিয়েছিল। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একাদশ কী হতে পারে তা নিয়ে এখন মুখে কুলুপ এঁটেছেন সকলেই। তবে এই ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে ফিরছেন লোকেশ রাহুল। সোমবার থেকে দলের সঙ্গে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। আর রাহুলের দলের সঙ্গে যোগ দেওয়াটা যে খানিকটা হলেও শক্তি যোগাচ্ছে ভারতীয় দলকে তা বলাই বাহুল্য। শোনাযাচ্ছে এই ম্যাচে রোহিত শর্মার সঙ্গে তাঁকেই দেখা যেতে পারে ওপেনিংয়ে। ইশান কিষাণের জায়গাতেই দলে আসতে চলেছেন লোকেশ রাহুল।

ক্যারিবিয়ান ব্রিগেডকে হারানোর ছক প্রস্তুত। কিন্তু তা এখনই সর্ব সমক্ষে বলা বারণ। বেশ কিছু পরিবর্তন করে দলের প্রথম একাদশ ঠিক হয়ে গেলেও, সাংবাদিক সম্মেলনে এসে তা নিয়ে মুখ খুলতে চাননি সূর্যকুমার যাদব। তিনি জানান, “দলের প্রথম একাদশ কী হতে পারে তা নিয়ে উত্তর দেওয়ার আমি কেউ নই। লোকেশ রাহুল এবং ময়াঙ্ক আগরওয়ালরা প্রস্তুতিতে ফিরিছেন। আর অবশ্যই তাদের আসায় দল আরও শক্তিশালী হবে। টিম ম্যানেজমেন্টই সব সিদ্ধান্ত নেবে”।

কী হতে পারে ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা

লোকেশ রাহুল

বিরাট কোহলি

ঋষভ পন্থ

সূর্যকুমার যাদব

ওয়াশিংটন সুন্দর

শার্দূল ঠাকুর/দীপক চাহার

দীপক হুডা/কুলদীপ যাদব

মহম্মদ সিরাজ

যুজবেন্দ্র চাহাল

প্রসিদ্ধ কৃষ্ণা

তিন ম্যাচের সিরিজ হলেও ঘুরিয়ে ফিরিয়ে সকলকেই দেখে নিতে চায় ভারতীয় দল। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও থাকতে পারে পরিবর্তন। প্রথম ম্যাচে যুজবেন্দ্র চাহালের স্পিনে শেষ হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কুলদীপ থাকলেও, সেই ম্যাচে খেলেননি। দ্বিতীয় ম্যাচে কুলচা জুটিকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেতে পারেন দীপক চাহারও। ভারতীয় দলের তরফে এমন ইঙ্গিত থাকলেও, বুধবার প্রথম একাদশ কী হয় তা দেখার অপেক্ষাতেই সকলে।

 

close whatsapp