ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বোলার হলেন রবিচন্দ্রন অশ্বিন, ভেঙে দিলেন অনিল কুম্বলে এবং হরভজন সিংয়ের রেকর্ড
আপডেট করা - Jul 25, 2023 12:55 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেছেন অভিজ্ঞ ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দুটি টেস্ট ম্যাচ মিলিয়ে তিনি মোট ১৫টি উইকেট নিয়েছেন। এই সিরিজে একাধিক রেকর্ডও করে ফেলেছেন তিনি।
দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৩৬৫ রান। রান তাড়া করতে নেমে ৪৪ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট এবং কির্ক ম্যাকেঞ্জিকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এই দুটি উইকেট শিকার করার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় হরভজন সিংকে পিছনে ফেলে দিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে হরভজনের উইকেট সংখ্যা হল ৭১১। অশ্বিনের বর্তমান উইকেট সংখ্যা হল ৭১২। এই তালিকায় প্ৰথম স্থানে রয়েছেন অনিল কুম্বলে। আন্তর্জাতিক ক্রিকেটে তার নামে ৯৫৬টি উইকেট রয়েছে। রবিচন্দ্রন অশ্বিন কুম্বলের রেকর্ড ভাঙতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
এই সিরিজে হরভজন সিংয়ের পাশাপাশি অনিল কুম্বলেরও একটি রেকর্ড ভেঙে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মোট ৭৪টি উইকেট নিয়েছিলেন কুম্বলে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট নেওয়ার পর অশ্বিনের উইকেট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৫-এ। টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের নামে রয়েছে। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮৯টি উইকেট শিকার করেছিলেন। তার ঠিক পরেই রয়েছেন অশ্বিন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতল ভারত
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্ৰথম টেস্ট ম্যাচটিতে অনেক বড় ব্যবধানে জয় পেয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। সেই ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন মোট ১২টি উইকেট শিকার করেছিলেন। যশস্বী জয়সওয়াল খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। এটি ছিল তার অভিষেক ম্যাচ। তিনি ৩৮৭ বলে ১৭১ রান করেছিলেন।
দ্বিতীয় টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। এই ম্যাচটির শেষ দিনের খেলা বৃষ্টির কারণে ভেস্তে না গেলে ফলাফল অন্যরকম হতে পারত। এই ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন দুটি ইনিংস মিলিয়ে মোট ৩টি উইকেট নিয়েছিলেন। মহম্মদ সিরাজ প্ৰথম ইনিংসে ২৩.৪ ওভারে মাত্র ৬০ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছিলেন। দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে এই প্রতিভাবান পেসারকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়েছিল।