ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্ৰথম একদিনের ম্যাচে ভারতের পরাজয়ের পর হার্দিক পান্ডিয়ার সমালোচনা করলেন আকাশ চোপড়া
আপডেট করা - Aug 4, 2023 4:15 pm

রোভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্ৰথম টি-২০ ম্যাচে পরাজিত হয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত। ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হওয়ার পর টি-২০ সিরিজে দারুণভাবে কামব্যাক করেছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার এবং নিকোলাস পুরানের দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে প্ৰথম ম্যাচে ৪ রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া এই ম্যাচের ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সমালোচনায় সরব হয়েছেন। তার বক্তব্যের মাধ্যমে তিনি একথা স্পষ্ট করে দিয়েছেন যে হার্দিক পান্ডিয়া ভারতের বোলিং আক্রমণকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেননি।
আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “বল হাতে ভারতের শুরুটা তেমন ভালো হয়নি। তারপরে ইউজি চাহাল আসেন এবং এক ওভারে দুই উইকেট নেন। তার পরে তাকে থামানো হয়। আমার মতে, যখন ইউজি চাহাল গতকালের ম্যাচে তার প্রথম ওভারে দুটি উইকেট নেওয়া সত্ত্বেও চার ওভার বল করেননি, তখন আপনার পরিকল্পনায় নিশ্চয়ই কোনো খামতি ছিল।”
তিনি আরও বলেন, “আমি কিছুটা হতাশ হয়েছিলাম কারণ আপনি তার বাকি তিন ওভার পিছিয়ে রেখেছিলেন। তিনি নিকোলাস পুরানকে আউট করতে পারতেন, কারণ তিনি বাঁ-হাতি ব্যাটারদের বিরুদ্ধে অসাধারণভাবে বোলিং করেন, কিন্তু আপনি তাকে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে তাকে আরও ওভার দেওয়ার সিদ্ধান্ত খুবই আশ্চর্যজনক ছিল, কুলদীপ যাদব তার চার ওভারের কোটা সম্পূর্ণ করেছিলেন, যেখানে অক্ষর প্যাটেল মাত্র দুটি ওভার বল করেছিলেন, কখনও কখনও অনেকগুলি বিকল্প থাকা অভিশাপ এবং আশীর্বাদ উভয়ই হতে পারে।”
প্ৰথম ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন জেসন হোল্ডার
প্ৰথম ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন জেসন হোল্ডার। তিনি ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছিলেন। তিনি ১৬ তম ওভারটি মেডেন দিয়েছিলেন। সেই ওভারে তিনি হার্দিক পান্ডিয়ার উইকেটটিও নিয়েছিলেন। এছাড়াও ব্যাট হাতে তিনি ৫ বলে ৬ রান করে অপরাজিত ছিলেন।
প্ৰথমে ব্যাট করে স্কোরবোর্ডে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান তুলতে সক্ষম হয়েছিল রোভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন দল। এর জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করেছিল ভারত। দ্বিতীয় টি-২০ ম্যাচে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল কামব্যাক করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।