ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের নির্বাচিত ১৩ সদস্যের স্কোয়াডে ফিরলেন জেসন হোল্ডার

বাদ গেলেন রোমারিও শেফার্ড ও অ্যান্ডারসন ফিলিপ

Jason Holder
Jason Holder. (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

সফরকারী ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সিরিজ শুরু হবে ২২শে জুলাই থেকে। লাইন আপ শক্তিশালী করার জন্য নির্বাচকরা অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে ফিরিয়ে এনেছেন। আইপিএলের পর থেকেই হোল্ডার প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। উল্লেখ্য, নিকোলাস পুরানের নেতৃত্বাধীন দলের সাম্প্রতিক ওডিআই পারফর্ম্যান্স একেবারেই সন্তোষজনক নয়। ২০২২-এ মোট ১৫টি ওডিআই ম্যাচে তারা মাত্র ৪টিতে জয়লাভ করেছে।

বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ঘরোয়া ওয়ানডে সিরিজে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশের শিকার হয়েছে নিকোলাস পুরানের নেতৃত্বাধীন দল। মেরুন জার্সির খেলোয়াড়রা বাংলা টাইগার্সের বিরুদ্ধে একেবারেই ছন্দে ছিল না এবং তারা ভুল থেকে শিখতে চাইবে। দলের অধিনায়ক এবং সহ-অধিনায়ক নিকোলাস পুরান ও শে হোপের জুটির উপর অনেক কিছু নির্ভর করবে। রভম্যান পাওয়েল, আলজারি জোসেফের মতো যাঁরা নিয়মিত সুযোগ পাচ্ছেন তাঁদের আরও ধারাবাহিক হতে হবে।

হোল্ডারের কাছ থেকে অর্থপূর্ণ অবদান দেখার আশা করতে পারি, বলেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স

স্কোয়াডে পরিবর্তনের ক্ষেত্রে, অ্যান্ডারসন ফিলিপ ও রোমারিও শেফার্ডই বাংলাদেশের বিরুদ্ধে মুখোমুখি হওয়া দল থেকে বাদ পড়েছেন। শেফার্ড দলে না থাকলেও, তিনি স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসাবে দলের সঙ্গে থাকবেন। এদিকে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স হোল্ডারের প্রত্যাবর্তনের পরে দলের ভালো করার বিষয়ে আত্মবিশ্বাসী।

“আমরা সবাই জানি জেসন বিশ্বের শীর্ষস্থানীয় অলরাউন্ড ক্রিকেটারদের একজন এবং আমরা তাকে দলে ফিরে পেয়ে খুশি। সে সতেজ, পুনরুজ্জীবিত এবং খেলতে প্রস্তুত হবে এবং আমরা মাঠে তার তেজ দেখার পাশাপাশি মাঠের বাইরেও অর্থপূর্ণ অবদান দেখার আশা করতে পারি,” ডেসমন্ড হেইন্স একটি অফিসিয়াল বিবৃতিতে বলেছেন।

“গায়ানায় বাংলাদেশের বিপক্ষে আমাদের তিনটি ম্যাচ খুব চ্যালেঞ্জিং ছিল তাই ত্রিনিদাদের কন্ডিশনে ভারতের মুখোমুখি হওয়ার সময় আমরা প্রত্যাবর্তন করতে চাই। আমরা কিছু খেলোয়াড়ের মধ্যে উন্নতি দেখেছি, তবে সামগ্রিকভাবে আমাদের আবার দলবদ্ধ হতে হবে এবং ভারতীয়দের বিরুদ্ধে আরও ভালো খেলতে হবে,” তিনি যোগ করেছেন।

ভারতের বিরুদ্ধে ওডিআইয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), শে হোপ (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, কিসি কার্টি, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুড়াকেশ মোতি, কিমো পল, রভম্যান পাওয়েল, জেডেন সিলস। 

রিজার্ভ: রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।

close whatsapp