অস্ট্রেলিয়ান নির্বাচকদের পদত্যাগের দাবী তুললেন সুনীল গাভাস্কার
চোট পাওয়া খেলোয়াড়দের বাছাই করার জন্য নির্বাচকদের সমালোচনা করেছেন গাভাস্কার
আপডেট করা - Mar 6, 2023 2:44 pm

চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে পিচকে কেন্দ্র করে অনেক শোরগোল হয়েছে। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ান মিডিয়া ‘ডক্টর্ড পিচ’ তৈরী করার অভিযোগ তুলেছিল স্বাগতিকদের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার কিছু প্রাক্তন ক্রিকেটারও বেশ কয়েকবার পিচ নিয়ে তাঁদের অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে পদক্ষেপ গ্রহণের দাবি করেছিলেন।
পিচ নিয়ে সমালোচনার মাঝেই বেশ কিছু প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ম্যাথিউ হেডেন সমালোচনা করেছিলেন অজি ব্যাটারদের সুইপ খেলার প্রবণতার। স্টিভ স্মিথ ভালো কোনো ডেলিভারির সম্মুখীন হলে ‘থাম্বস-আপ’ দিয়ে তার প্রতি স্বীকৃতি জানানোয় প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার প্রশ্ন তুলেছিলেন।
অস্ট্রেলিয়ায়নদের মতো চাঁচাছোলা সমালোচনা না করে প্রাক্তন কিংবদন্তী ভারতীয় ব্যাটার ও অধিনায়ক সুনীল গাভাস্কার অস্ট্রেলিয়ান দলের ভিন্নভাবে বিশ্লেষণ করেছেন। গাভাস্কারের মতে, সবাই শুধুমাত্র বর্তমান সিরিজে খেলোয়াড়দের এবং তাঁদের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন করেছে কিন্তু কেন কেউ চোট পাওয়া খেলোয়াড়দের নির্বাচন এবং নির্বাচকদের ভূমিকা নিয়ে মত ব্যক্ত করেনি।
যাঁদের আসলেই সমালোচনা হওয়া উচিৎ তাঁরা হলেন অস্ট্রেলিয়ান নির্বাচকরা: সুনীল গাভাস্কার
সিরিজ শুরুর আগে থেকেই জশ হ্যাজলউড অ্যাকিলিসের চোটে ভুগছিলেন। তা ছাড়া, গাভাস্কার মিচেল স্টার্কের আঙুলের চোটের কথাও মনে করিয়ে দিয়েছিলেন, যে চোটের কারণে স্টার্ককে প্রথম দুই টেস্টে একাদশের বাইরে থাকতে হয়েছিল। তিনি মনে করেন যে শুধুমাত্র খেলোয়াড়দের দোষারোপ করার পরিবর্তে নির্বাচকদের বিভ্রান্তিকর নির্বাচনের দিকে আলোকপাত করা উচিৎ।
“যদিও বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে প্রাক্তন অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা তাদের খেলোয়াড়দের সমালোচনা করছেন, তবে যাঁদের আসলেই সমালোচনা হওয়া উচিৎ তাঁরা হলেন অস্ট্রেলিয়ান নির্বাচকরা। তাঁরা কীভাবে তিনজন খেলোয়াড়কে (হ্যাজেলউড, স্টার্ক ও ক্যামেরন গ্রিন) বাছাই করতে পারে যেখানে তারা জানত প্রথম দুই টেস্ট ম্যাচে নির্বাচিত হতে পারবে না তারা? অর্থাৎ, অর্ধেক সিরিজের জন্য টিম ম্যানেজমেন্টের কাছে মাত্র ১৩ জন খেলোয়াড় ছিল বাছাই করার জন্য,” ৭৩ বছর বয়সী স্পোর্টস্টারের জন্য তাঁর কলামে উল্লেখ করেছেন।
“তারপর তারা এক নবাগত (ম্যাথিউ কুহ্নেমান)-কে নিয়ে আসে যেখানে তাদের দলে ইতোমধ্যেই একই রকম খেলোয়াড় ছিল। যদি তারা মনে না করে যে দলে যে খেলোয়াড় আছে সে যথেষ্ট ভালো নয়, তাহলে কেন তারা তাকে প্রথম স্থানে বেছে নিল? এর মানে হল টিম ম্যানেজমেন্ট ১২ জন খেলোয়াড়ের মধ্যে থেকে তাদের ১১ জনকে বেছে নিচ্ছে। হাস্যকর। অস্ট্রেলিয়া একটি চমকপ্রদ প্রত্যাবর্তন করে এবং পরের দুটি টেস্ট জিতে সিরিজে সমতা আনলেও, যদি তাদের কোনো দায়িত্ববোধ থাকে তবে নির্বাচকদের পদত্যাগ করা উচিৎ,” শেষে লিখেছেন গাভাস্কার।