হরভজন সিং নির্বাচক হলে টি২০ বিশ্বকাপের দলে দীনেশ কার্তিককেই উইকেটকিপার ব্যাটার হিসাবে নিতেন
আপডেট করা - May 13, 2022 5:28 pm

এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন দীনেশ কার্তিক। ইতিমধ্যেই সকলের মন জিতে নিয়েছেন তিনি। বিশেষকরে ফিনিশারের ভূমিকায় দীনেশ কার্তিককে দেখার পর তো সকলেই হতবাক হয়েছেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম দিন থেকেই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। বিশেষ করে পিনিশারের ভূমিকায় দীনেশ কার্তিককে দেখে আপ্লুত হরভজন সিং। বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে বড় বার্তাও দিলেন হরভজন।
এবছরই অক্টোবরে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে দীনেশ কার্তিক সুযোগ পাবেন কি পাবেন না সে তো সময়ই বলবে। কিন্তু হরভজন সিংয়ের মতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দীনেশ কার্তিককেই দলের প্রধান উইকেটকিপার হিসাবে খেলানো উচিত্। অন্তত তিনি নির্বাচক হলে নাকি এমনটাই করতেন। যদিও বিশ্বকাপের দল নির্বানের আগে বেশ কয়েকটি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তবে এবারের আইপিএলে দীনেশ কার্তিক যে সকলকে চমকে দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
গতবার আইপিএলে সাফল্য না থাকার পরই এবার দীনেশ কারিতিককে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছিল। যদিও নিলামে তাঁর দল পেতে খুব একটা অসুবিধা হয়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে তুলে নিয়েছিল। আর প্রথম দিন থেকেই যথেষ্ট সফল ভারতীয় দলের এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার। এবারের আইপিএলের শুরু থেকেই ফিনিশার হিসাবে নিজেকে তুলে ধরতে চেয়েছিলেন তিনি। আর সেই পথে দীনেশ কার্তিক অন্তত অনেকটাই সফল।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৮ ম্যাচে অপরাজিত থাকার নজির রয়েছে দীনেশ কার্তিকের
প্রতি ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অন্যতম জয়ের নায়ক তিনি। শেষ ম্যাচেও শেষ মুহূর্তে তাঁর ব্যাট থেকে এসেছিল ৮ বলে ৩০ রান। শুধু তাই নয় প্রথম ম্যাচেও বেঙ্গালুরুর হয়ে বিধ্বংস পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। ইতিমধ্যে আইপিএলে ২৭৪ রান করে ফেলেছেন তিনি। এছাড়াও এখনও পর্যন্ত ৮টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড রয়েছেন দীনেশ কার্তিকের।
সেই দীনেশ কার্তিককেই আপ্লুত হরভজন সিং। স্টার স্পোর্টসে তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে আইপিএলের মঞ্চে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন দীনেশ কার্তিক। শুধু তাই নয় এবারের আইপিএলে অফ সাইডের থেকে তাঁর লেগ সাইডের শটের দক্ষতাও প্রমাণ করেছেন তিনি। সেইসঙ্গে পরিস্থির সঙ্গে শর্ট রান নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার দক্ষতাও রয়েছে কার্তিকের মধ্যে। আমার মতে এই মুহূর্তে আইপিএলে যদি কেউ সেরা ফিনিশারের ভূমিকা পালন করেন, তবে তিনি দীনেশ কার্তিক ছাড়া আর কেউই নন। আমি যদি ভারতীয় দলের নির্বাচক হতাম তবে দীনেশ কার্তিককেই টি টোয়েন্টির বিশ্বকাপের জন্য উইকেটকিপার ব্যাটার হিসাবে বেছে নিতাম। আমার মতে তাঁর মতো যোগ্য আর কেউ নন”।
কয়েকদিন আগেই দীনেশ কার্তিককে নিয়ে মুখ খুলেছিলেন খোদ রবি শাস্ত্রী সহ অন্যান্য প্রাক্তন ক্রিকেটাররা। রবি শাস্ত্রীর মুখেও দীনেশ কার্তিককে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ দেওয়ার কথা শোনা গিয়েছিল। এবার হরবঝন সিংও একই কথা বলছেন। দীনেশ কার্তিককী শেষপর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারবেন, সেটাই এখন দেখার।