ম্যাচ-জেতানো ৮৯ করে ঈশান জানালেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁর কোথায় ভুল হচ্ছিল
'বল দেখো, শট মারো' নীতি মেনে সাফল্য পেলেন শ্রীলঙ্কার বিপক্ষে
আপডেট করা - Feb 25, 2022 10:51 am

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধুঁকে ধুঁকে ব্যাটিং করার পর, ঈশান কিষাণ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে তাঁর ছন্দ পুনরুদ্ধার করেন। বাঁ-হাতি ব্যাটার শুরু থেকেই বোলারদের আক্রমণ করেছিলেন এবং একানা স্টেডিয়ামে বেশ কিছু মনোরম শট খেলেছিলেন। এমনকি তিনি আন্তর্জাতিক স্তরে তাঁর প্রথম সেঞ্চুরির দোরগোড়ায় চলে এসেছিলেন। তবে, ৫৬ বল খেলে ৮৯ রান করে তিনি প্রতিপক্ষের অধিনায়ক দাসুন শানাকার শিকার হন। তাঁর প্রচেষ্টার সহায়তায় ভারত অনায়াসে ৬২ রানে জয় তুলে নেয়।
অভিপ্রায় যথাযথ ছিল না, অকপট স্বীকারোক্তি ঈশানের
ঈশান তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন যা ম্যাচের পরে তাঁর মন্তব্যেই স্পষ্ট বোঝা গেছে। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘যথেষ্ট ইতিবাচক’ ছিলেন না স্বীকার করে উইকেটকিপার-ব্যাটার বলেছেন যে তিনি তাঁর স্বাভাবিক খেলার উপর ভরসা রেখেছিলেন যার জন্য ফল পেয়েছেন। উল্লেখ্য, ২৩ বছর বয়সী এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে জায়গা পেতে বদ্ধপরিকর।
“ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে আমাকে অনেক কিছু শিখতে হয়েছে। আমার অভিপ্রায় যথাযথ ছিল না, আমি যথেষ্ট ইতিবাচক ছিলাম না। আমি এখানে সবকিছু সহজভাবে করার চেষ্টা করছিলাম – বল দেখো এবং নিজের শট খেলো। পুল আমার প্রিয় শট, আমি সেই শট খেলা উপভোগ করি। এটি ব্যাটিং ইউনিটের জন্যও একটি ইতিবাচক বিষয় কারণ অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের জন্য প্রস্তুতির জন্য ভালো খেলতেই হবে,” ম্যাচ পরবর্তী কথোপকথনে কিষাণ বলেছেন।
“আমি শ্রেয়াসের সাথে মিড-উইকেট অঞ্চল নিয়ে কথা বলছিলাম। সে বলে, তুমি যদি বলটি মাঝখানে রাখো তা হলে বাউন্ডারি পেতে পারো। যদি গ্যাপে মারো তবে দুই রান পেতে পারো। এবং এটি আমার জন্য ভালোমত কাজে লেগেছে,” তিনি যোগ করেছেন। উল্লেখ্য, এই মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টিতে ঝাড়খণ্ডের ব্যাটার ৭১ রান করেছিলেন এবং তাঁর স্ট্রাইক রেট ছিল মাত্র ৮৫-র বেশি।
তাঁর অভিপ্রায়ের অভাব অত্যন্ত সমালোচিত হলেও, টিম ম্যানেজমেন্ট তাঁর উপর আস্থা রেখেছিল এবং ঈশান সেই আস্থার প্রতিদান দিয়েছিলেন। ঈশানের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক রোহিত শর্মাও। “আমি ঈশানকে অনেক দিন ধরে চিনি। আমি জানি তার ভালো খেলার মানসিকতা আছে। আমি জানি তার যোগ্যতাও আছে। শুধু আজকের মতো একটি ম্যাচ পাওয়া দরকার ছিল। অন্য প্রান্ত থেকে ইনিংসটি দেখা আনন্দদায়ক ছিল। সে যেভাবে ইনিংসটি তৈরি করেছিল তা খুব ভালো ছিল,” ম্যাচের পরে ৩৪ বছর বয়সী বলেছিলেন।