এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স হতবাক করেছে মাইকেল ভনকে
আপডেট করা - Jul 3, 2022 4:07 pm

ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করেছে ভারতীয় দল। প্রথম দিন তো বটেই, দ্বিতীয় দিন গোটা ম্যাচের রাশটাই ছিল ভারতের পক্ষে। আর তা দেখে যেমন খুশি হয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন, তেমনই বেশ হতবাকও হয়েছেন। তাঁর কাছে ভারতের এমন পারফরম্যান্সটা যেন অপ্রত্যাশিত। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে ভারত খেলেছে, তার কৃতিত্ব ভারতীয় দলকেই দিচ্ছেন প্রাক্তন ব্রিটিশ তারকা। একইসঙ্গে রবীন্দ্র জাদেজার পারফরম্যান্সেও আপ্লুত তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল ভারতীয় দল। সেখানেই প্রথম দুই সেশনে পাঁচ উইকেট খুইয়ে রীতিমত চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকেই লড়াইটা শুরু করেছিলেন ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। এই দুই তারকার ২২২ রানের পার্টনারশিপে ভর করেই ফের লড়াইয়ে ফিরেছিল ভারত। যে এজবাস্টনে কখনও ভারত জিততে পারেনি, সেখানেই এখন ব্রিটিশদের পিছনে ফেলে ম্যাচে ফ্রন্টফুটে রয়েছে টিম ইন্ডিয়া।
ব্যাটিং থেকে বোলিং দুই জায়গাতেই দুর্ধর্ষ পারফরম্যান্সের পরিচয় দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। মাইকেল ভন নাকি ভারতীয় দলের থেকে এমন একটা পারফরম্যান্স প্রত্যাশা করেননি। ইংল্যান্ডেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেমেছিল ভারত। সেখানে নিউ জিল্যান্ডের কাছে হারতে হয়েছিল তাদের। মাইকেল ভনের মতে এই ম্যাচও তারই পূরণবৃত্তি হবে বলে ভেবেছিলেন তিনি। কিন্তু তা হয়নি। যার সম্পূর্ণ কৃতিত্ব ভারতীয় ক্রিকেটারদেরই দিচ্ছেন ভন।
ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে জোড়া শতরান পেয়েছেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা
তিনি জানিয়েছেন, আমি ভেবেছিলাম এই ম্যাচও বোধহয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতোই হতে চলেছে। কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব ভারতেরই। তারা সত্যিই অত্যন্ত দক্ষ একটা দল এবং খুব ভালবাবে জানে কেমনভাবে টেস্ট ম্যাচের জন্য নিজেদের মানসিকভাবে প্রস্তুত করতে হয়। একটিও ম্যাচ প্র্যাকটিস ছাড়া।
ব্যাট হাতে দ্বিতীয় দিন ব্রিটিশ বোলারদের বিরুদ্ধে তান্ডব চালিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। জাদেজা সেঞ্চুরী পাওয়ার পরই ফিরে যান। এরপর দশ নম্বরে ব্যাটিং করতে নেমে রানের ঝড় তোলেন জসপ্রীত বুমরাহ। আর তাতেই ৪১৬ রানে পৌঁছয় ভারতীয় দল। এরপর বল হাতেও তাঁর দাপট ছিল দেখার মতো। ইংল্যান্ডের পাঁচ উইঅকেটের মধ্যে দ্বিতীয় দিন তিনি একাই নিয়েছিলেন ৩টি উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছিলেন মহম্মদ সিরাজ ও মহম্মদ সামি।
ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে ইতিহাস বদলাতে চায় ভারতীয় দল। সেই লক্ষ্যে হাতে রয়েছে আর তিনটে দিন। সেখানেই সমস্ত পরিসংখ্যান বদলে ভারত এজবাস্টনে প্রথম জয়টা পায় কিনা সেটাই এখন দেখার।