“আমি ফাটল দেখতে পাচ্ছি” – ভারতীয় দলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শোয়েব আখতারের
কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়া নিয়েও তির্যক কথা বলেছেন আখতার
আপডেট করা - Jan 25, 2022 10:48 am

দুই দলের মধ্যে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকান দলের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশের শিকার হয়েছে ভারত। তারপরেই পাকিস্তানের প্রাক্তন বোলিং তারকা শোয়েব আখতার বলেছেন যে তিনি এখন ভারতীয় দলে ফাটল দেখতে পাচ্ছেন।
আখতার মত দিয়েছেন যে বিরাট কোহলি ভারতীয় অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন কারণ এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যা তাঁকে বাধ্য করেছিল পদত্যাগ করতে। ভারতীয় দলকে কীভাবে পরিচালনা করা হবে তা দেখা গুরুত্বপূর্ণ বলার পাশাপাশি ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ আরও যোগ করেছেন যে ভারতীয় টেস্ট অধিনায়কের পদ থেকে কোহলির সরে যাওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে।
সাম্প্রতিক পারফরম্যান্স ভারতকে অপমানিত করেছে: শোয়েব আখতার
“আমি এই দলে ফাটল দেখতে পাচ্ছি। দলকে কীভাবে পরিচালনা করা হবে তা দেখা গুরুত্বপূর্ণ। আমি মনে করি না কোহলি পদত্যাগ করেছেন কারণ তিনি চেয়েছিলেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে তাঁকে অধিনায়কত্ব ছাড়তে হয়েছিল। কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের পিছনে অনেক কারণ রয়েছে, যা আমি গোপনীয়তার কারণে বলতে পারি না,” শোয়েব আখতার তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন।
শোয়েব আখতার আরও যোগ করেছেন যে ভারত দক্ষিণ আফ্রিকার দ্বারা অপমানিত হয়েছে এবং অভিমত দিয়েছেন যে ভারতীয় দলের প্রোটিয়াদের কাছে এমন গো-হারান হারা ভালো দেখায় না। “সাম্প্রতিক পারফরম্যান্স ভারতকে অপমানিত করেছে। আমি মনে করি না ভারতীয় দলের এমন একটি দক্ষিণ আফ্রিকা দলের কাছে হেরে যাওয়া উচিত, তাও হতাশাজনকভাবে,” যোগ করেছেন আখতার।
শোয়েব আখতার এও জানিয়েছেন যে তিনি দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ক্রিকেট দলের দিক থেকে কোন সম্মিলিত প্রচেষ্টা দেখেননি এবং এই বলে উপসংহারে পৌঁছেছেন যে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ভারতীয় শিবিরের মধ্যে সব ধরনের অস্থিরতার অবসান ঘটাতে হবে।
“এই অবস্থা থেকে এগিয়ে, বিসিসিআই, ম্যানেজমেন্ট, অধিনায়ক এবং বাকি খেলোয়াড়দের পুনরায় সংগঠিত হতে হবে। অস্থিরতার বিষয়গুলো ম্যানেজমেন্টকে শেষ করতে হবে। আমি দক্ষিণ আফ্রিকায় দলের দ্বারা সম্মিলিত প্রচেষ্টা দেখতে পাইনি,” আখতার শেষে বলেছেন।
ভারত এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি সীমিত ওভারের সিরিজে খেলবে যা ৬ই ফেব্রুয়ারি ২০২২-এ শুরু হবে। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলা হবে সেই সিরিজে। ওয়ানডে সিরিজটি আহমেদাবাদে ও টি-টোয়েন্টি সিরিজটি কলকাতায় খেলা হবে।