সিরিজে কোন দল এগিয়ে, জবাব দিলেন প্রোটিয়াদের অধিনায়ক ডিন এলগার

তিনি প্রতিপক্ষ ভারতকে হালকাভাবে নিচ্ছেন না

Dean Elgar
Dean Elgar. (Photo by Sydney Seshibedi/Gallo Images)

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার বলেছেন যে ভারতের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকরা খানিকটা এগিয়ে থেকে শুরু করছে। ২৬শে ডিসেম্বর বক্সিং ডে টেস্টে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত দক্ষিণ আফ্রিকা ও ভারতের টেস্ট সিরিজ।

সিরিজটি ১৭ই ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল, কিন্তু দক্ষিণ আফ্রিকায় কোভিড-১৯ মহামারীর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সিরিজটি বিলম্বিত হয়েছে। জোহানেসবার্গ ও কেপটাউনে সিরিজের অন্য দুটি টেস্ট অনুষ্ঠিত হবে। যদিও এলগার প্রোটিয়াদের জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী, তিনি এই সত্যটিকে উপেক্ষা করেননি যে ভারত এই মুহূর্তে অন্যতম শক্তিশালী টেস্ট দল।

“আমি মনে করি সিরিজটি বেশ সমান-সমান। আমাদের দেশে খেলা, তাই আমরা কিছুটা সুবিধাজনক জায়গায় আছি। তবে এটাও ভুলে গেলে চলবে না যে ভারত বিশ্বে এক নম্বরে রয়েছে। এই স্থানে তারা বেশ কিছুদিন ধরেই আছে। আমি একজন ক্রিকেট পর্যবেক্ষক এবং একজন ক্রিকেট অনুরাগী হিসেবে এটিই দেখে আসছি,” এলগার বলেছেন।    

এই মুহূর্তে তাদের শক্তি হল তাদের বোলিং, বলেছেন ডিন এলগার

২০১৮ সালে যখন ভারত দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনটি টেস্ট খেলেছিল, তখন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি যথেষ্ট দাপট দেখিয়েছিলেন। সেই সিরিজেই বুমরাহর টেস্ট অভিষেক হয়েছিল। তার আগে দুই বছর সীমিত ওভারের ক্রিকেট খেলা হয়ে গিয়েছিল তাঁর। 

গত ১২ মাসে, ভারত তাদের বোলিং পারফরম্যান্সে ভর করে বিদেশে চারটি টেস্টে জয়লাভ করেছে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো প্রতিপক্ষকে হারিয়েছে। এলগার বলেছেন যে ভারতের বোলিংকে দুর্বল মনে করার সামর্থ্য দক্ষিণ আফ্রিকার নেই।

“তারা বিগত কিছু সময়ে যা করেছে তার জন্য আপনাকে তাদের কৃতিত্ব দিতেই হবে। সুতরাং, আমি এখানে বসে বলতে যাচ্ছি না যে তারা বিশ্বের সেরা দল নয়। সঙ্গত কারণেই র‍্যাঙ্কিংয়ে তারা উপরে রয়েছে। তবে নিছক সত্য যে আমরা আমাদের দেশের মাঠে খেলছি তাই এই সিরিজে আমরাই এগিয়ে আছি,” তিনি বলেছেন।

“এই মুহূর্তে তাদের শক্তি তাদের বোলিংয়ে নিহিত। আমরা সেই সম্পর্কে অত্যন্ত সচেতন। বোলিং ইউনিট হিসেবে তারা অনেক সাফল্য পেয়েছে। তাদের কাছে নেতৃত্ব দেওয়ার মতো অনেক অভিজ্ঞ বোলার আছে যারা আক্রমণের পুরোধা এবং পরিবর্ত বোলারদের একটি ভাল সেটও রয়েছে,” এলগার যোগ করেছেন।

দক্ষিণ আফ্রিকা যদিও তাদের পেস আক্রমণ নিয়ে চিন্তায় থাকবে। চোটের কারণে তারকা পেসার আনরিখ নর্কিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন।

close whatsapp