তুষার, আকাশদের মতো অনভিজ্ঞদের নিয়ে কীভাবে সাফল্য পাচ্ছেন, জানালেন অধিনায়ক ধোনি
ধোনি বলেছেন, "উইকেটের পিছনে থেকে মূল্যায়ন করতে থাকি"
আপডেট করা - Apr 18, 2023 12:18 pm

১৭ই এপ্রিল, সোমবার, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)২০২৩-এর ২৪তম ম্যাচে ফাফ ডু প্লেসির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ও চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (সিএসকে) মুখোমুখি হয়েছিল।
চেন্নাইয়ের রোমাঞ্চকর জয়ের পরে অধিনায়ক এমএস ধোনি দলের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছিলেন। শেষ ২০ বলে আরসিবিকে জয়ের জন্য করতে হত ৩৬ রান এবং তখনও তাদের হাতে ৬ উইকেট ছিল। সেখান থেকে সিএসকেকে জেতানোর জন্য ধোনি কৃতিত্ব দিয়েছেন তরুণ বোলারদের।
“তরুণদের জন্য এটি কঠিন, বিশেষ করে বছরের এই সময়ে যখন শিশির থাকে। কিন্তু তারা কঠোর পরিশ্রম করছে। ব্রাভো একজন বিশেষজ্ঞ। তার অধীনে বোলাররা আত্মবিশ্বাস অর্জন করবে। এটি একটি দলীয় খেলা। কোচ, বোলিং কোচ এবং সিনিয়র খেলোয়াড়রা তাদের গাইড করে,” ম্যাচ পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে এমএস ধোনি বলেছেন।
স্টাম্পের পিছন থেকে কীভাবে তিনি সতীর্থদের প্রতিনিয়ত সাহায্য করার চেষ্টা করেন সে সম্পর্কে ধোনি বলেছেন, “আমি উইকেটের পিছনে থেকে মূল্যায়ন করতে থাকি। ফলাফল নিয়ে চিন্তা না করে আমি সবসময় কী করা দরকার তার সঙ্গে জড়িত থাকি।”
শিবম দুবে এমন একজন যে ক্লিন হিট করতে পারে: এমএস ধোনি
প্রথম ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম্যান্স দেখিয়েছে চেন্নাই। ডেভন কনওয়ে ৪৫ বলে ৮৩ রান করে দলকে বড় স্কোরে পৌঁছিয়ে দিয়েছিলেন। তবে সিএসকের পক্ষে ২০ ওভারে ২২৬ রান তোলা হয়তো সম্ভব হত না যদি না মিডল অর্ডার ব্যাটার শিবম দুবে ২৭ বলে ৫২ রানের আগ্রাসী ইনিংস খেলতেন।
দুবের প্রশংসা করে অধিনায়ক বলেছেন, “সে এমন একজন যে ক্লিন হিট করতে পারে। ফাস্ট বোলারদের সামনে তার সমস্যা আছে, কিন্তু স্পিনারদের বিরুদ্ধে সে একজন ক্লিন হিটার। তাকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত, যখন সে শিবিরে পৌঁছেছিল, তখন সে আহত ছিল। তাই আমরা তার সঙ্গে কাজ করতে পারিনি। আমরা মনে করি যে তিনি এমন একজন যে বড় শট খেলতে পারে। তার জন্য আমাদের চেয়ে তাকে নিজের উপর বেশী বিশ্বাস করতে হবে। আমরা শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণে গাইড করতে পারি, কিন্তু একবার মাঠে ঢুকলে তাকে নিজেকেই সামলাতে হবে।”