“সত্যিই হতাশ হয়েছিলাম” – বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ না পাওয়ার প্রসঙ্গে ভেঙ্কটেশ আইয়ার
গোড়ালির চোটের কারণে বেশ কয়েক মাসের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ভেঙ্কটেশ
আপডেট করা - Nov 23, 2022 1:13 pm

চোট থেকে হার্দিক পান্ডিয়া ফিরে আসার সঙ্গে সঙ্গেই মধ্য প্রদেশের অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে ভারতের স্কোয়াড থেকে দ্রুত সরিয়ে দেওয়া হয়েছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ২০২১ সংস্করণের দ্বিতীয়ার্ধের দুরন্ত উত্থানের পরে ২৭ বছর বয়সী প্রথমবারের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছিলেন কিন্তু তাঁর এই যাত্রাটি মোটেও ফলপ্রসূ হয়নি। মোট নয়টি টি-টোয়েন্টিতে আইয়ার ১৩৩ রান করেছিলেন এবং বাদ পড়ার আগে মাত্র চারটি ম্যাচে বোলিং করেছিলেন।
প্রত্যাবর্তনের লক্ষ্যে থাকা অলরাউন্ডার মধ্য প্রদেশের হয়ে সৈয়দ মুশতাক আলি টুর্নামেন্টে সত্যিই ভালো শুরু করেছিলেন। তিনি প্রথম ম্যাচে দুর্দান্ত ছিলেন। ৬১ রান করার পাশাপাশি ২০ রানে ছয় উইকেট তুলেছিলেন। পরের ম্যাচে তিনি আরও একটি হাফ সেঞ্চুরি করেন এবং ঠিক যে সময় তাঁর আগের সেরা ফর্মে ফিরে আসছিলেন, তখনই গোড়ালির চোট তাঁকে বাকি মরসুমের জন্য বাতিল করে দেয়।
কেকেআর-ওপেনার বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসনের জন্য ব্যাঙ্গালোরে রয়েছেন। Cricketnext.com-এর সঙ্গে কথা বলার সময় তিনি তাঁর চোটের কথা জানানোর পাশাপাশি বিশ্বকাপে সুযোগ না পাওয়ার বিষয়ে তাঁর অনুভূতি প্রকাশ করেছেন।
“আমি সিঁড়ি থেকে ছিটকে পড়ায় গোড়ালি মচকে যায়। পুরো সকেটটি বেরিয়ে এসেছে… (গোড়ালি) একটি খারাপ অবস্থানে ছিল কিন্তু অস্ত্রোপচার ঠিকঠাক হয়েছে এবং ভালো হয়ে যাব। রিহ্যাব ভালো চলছে এবং ধাপে ধাপে আবার হাঁটা শুরু করেছি। আশা করি কয়েক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে,” ভেঙ্কটেশ আইয়ার তাঁর চোটের বিষয়ে বলেছেন।
“যখন আমাকে ভারতীয় ক্রিকেট দলে ডাকা হয়েছিল, তখন আমার মনে হয়েছিল আমি বিশ্বকাপ খেলতে পারব। কিন্তু আমি দলে ছিলাম না। আমি সত্যিই হতাশ হয়েছিলাম। আমি এমন কিছু নিয়ে ভাবতে চাই না যা সত্যিই আমার থেকে অনেক দূরে। যা ঘটার তা ঘটবে। আমার হাতে একমাত্র জিনিস হল প্রক্রিয়ায় লেগে থাকা, প্রতিদিন উন্নতি করা এবং বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া,” টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ভেঙ্কটেশ বলেছিলেন।
আমি সত্যিই আইপিএলের জন্য অপেক্ষা করতে পারছি না: ভেঙ্কটেশ আইয়ার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তাঁকে অত্যন্ত প্রয়োজনীয় আত্মবিশ্বাস এবং স্বীকৃতি দিয়েছে। ঘরোয়া মরসুম থেকে বাদ পড়ার পরে আইপিএল ছাড়া অন্য কোন টুর্নামেন্টে খেলতে পারবেন না বাঁ-হাতি ব্যাটার। আসন্ন আইপিএল মরসুমের জন্য তিনি উত্তেজিত, বিশেষ করে নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের অধীনে খেলার জন্য। উল্লেখ্য মধ্য প্রদেশের প্রাক্তন কোচ আগামী মরসুমে কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন।
“চান্দু (চন্দ্রকান্ত পণ্ডিত) স্যার আমাদের ঘরোয়া কোচ, তিনি আমাদের খেলার সব দিক নিয়ে কাজ করেছেন। ফিল্ডিংয়ের দিক থেকে ব্যাটিং কৌশল পর্যন্ত। আমি অত্যন্ত খুশি যে তার উচ্চতার কেউ, যিনি এত দীর্ঘ সময় ধরে ঘরোয়া ক্রিকেটে আধিপত্য বিস্তার করেছেন, অবশেষে আইপিএল স্তরে তাঁর দক্ষতা প্রদর্শন করতে পারছেন। আমি সেই দৃষ্টিকোণ থেকে সত্যিই উত্তেজিত এবং অন্য সকলের মতোই আমিও উচ্ছ্বসিত যে তিনি কীভাবে কেকেআরের দায়িত্ব পরিচালনা করবেন। সত্যি কথা বলতে, আমি সত্যিই আইপিএলের জন্য অপেক্ষা করতে পারছি না,” বলেছেন ভেঙ্কটেশ আইয়ার।