অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা কাউন্টি খেলে অ্যাশেজ সিরিজে কোনো পার্থক্য গড়তে পারবেন না বলে জানালেন বেন স্টোকস
আপডেট করা - Jun 5, 2023 3:50 pm

১৬ই জুন, শুক্রবার থেকে অ্যাশেজ সিরিজ শুরু হবে। এর আগে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে খেলবে।
সম্প্রতি ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেছেন যে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের ইংল্যান্ডে এসে কাউন্টি খেলা নিয়ে তার কোনো সমস্যা নেই। বেন স্টোকস জানিয়েছেন যে ডারহামের ডিরেক্টর অফ ক্রিকেট মার্কাস নর্থ তাকে মেসেজ করে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সই করা ঠিক হবে কিনা তা জিজ্ঞেস করেছিলেন। এই প্রশ্নের উত্তরে স্টোকস বলেছিলেন যে এই ব্যাপারে তার কোনো অসুবিধা নেই। এছাড়াও তিনি বলেছেন যে তারকা খেলোয়াড়রা এসে যদি তাদের দেশে কাউন্টি ক্রিকেট খেলে তাহলে সেটা তাদের ক্রিকেটের জন্য দারুন হবে। তবে তার মতে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা কাউন্টি ক্রিকেট খেলে অ্যাশেজ সিরিজে কোনো পার্থক্য গড়তে পারবেন না।
ডেইলি মেইলে প্রকাশিত একটি সাক্ষাৎকারে বেন স্টোকস বলেন, “সত্যি বলতে যা হচ্ছে তা নিয়ে আমার কোনো সমস্যা নেই। মার্কাস নর্থ (ডারহামের ডিরেক্টর অফ ক্রিকেট) আমাকে মেসেজ করে বললেন: ‘আমরা যদি একজন অস্ট্রেলিয়ানকে সই করি তাহলে কি ঠিক হবে?’ এবং আমি বললাম, ‘হ্যাঁ, অবশ্যই ঠিক হবে। এতে আমার কোনো অসুবিধা নেই। আপনি একদম চিন্তা করবেন না।’ আপনি যদি আন্তর্জাতিক খেলোয়াড়দের সামনে নিয়ে আসতে পারেন তাহলে সেটা আমাদের খেলার জন্য দারুণ। আপনি কেন চাইবেন না যে সুপারস্টার খেলোয়াড়রা এসে আমাদের কাউন্টির প্রতিনিধিত্ব করুক? তবে আমি মনে করি না যে অ্যাশেজের ক্ষেত্রে এটি কোনও পার্থক্য গড়ে দিতে পারবে।”
তিনি আরও বলেন, “স্টিভ স্মিথ সাসেক্সের হয়ে পরপর চারটি ডাক পেতে পারতেন কিন্তু তবুও আমরা সবাই জানি যে তিনি এখনও অ্যাশেজে ৭০০ রান করতে পারেন।”
“আমি কয়েকটি কর্টিসোন ইনজেকশন থেকে কিছুটা সাহায্য পেয়েছি” – বেন স্টোকস
বেন স্টোকস নিজের চোট নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেছেন যে এখন বল করতে গিয়ে তার ব্যথা লাগছে না।
বেন স্টোকস বলেন, “এই বছর হাঁটুর সমস্যার জন্য বোলিং না করতে পারা এবং চতুর্থ সিমার হিসেবে আমার ভূমিকা সঠিকভাবে পালন করতে না পারাটা খুবই হতাশাজনক। আমি পুরোপুরি ফিট হওয়ার জন্য এত কঠিন পরিশ্রম করেছি যে এখন আমি ব্যথামুক্তভাবে বল করতে পারছি। আমি কয়েকটি কর্টিসোন ইনজেকশন থেকে কিছুটা সাহায্য পেয়েছি, এখন সবকিছু সুন্দরভাবে চলছে এবং আমি তাড়াহুড়ো করব না, কারণ আমার কাছে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল অ্যাশেজে চতুর্থ সিমার হিসাবে আমার ভূমিকাটি পালন করা।”