“কার বিরুদ্ধে কোন পরিবর্তন বা বৈচিত্র্য দরকার সে সম্পর্কে বেশী সচেতন হয়েছি” – ফর্ম ফিরে পাওয়া প্রসঙ্গে ভুবনেশ্বর

২০২২-এ ১৩টি টি-২০ ইনিংসে ১৮ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর

Bhuvneshwar Kumar
Bhuvneshwar Kumar. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার তাঁর বোলিং অ্যাকশনে কোনো পরিবর্তন না করে বা অন্য কোন ক্ষেত্রে ব্যাপক বদল ছাড়াই ফর্মে ফেরার জন্য কঠোর পরিশ্রমকে কৃতিত্ব দিয়েছেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সময় এই বোলার দুর্দান্ত ফর্মে ছিলেন। তাঁর সুইং ব্যাটারদের নাজেহাল করার ক্ষমতা দেখিয়েছিলেন।

সেই ফর্ম ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অব্যাহত ছিল। সিমিং পরিস্থিতিতে তিনি কতটা শক্তিশালী হতে পারেন তা আরও একবার দেখিয়েছিলেন ভুবি। ৩২ বছর বয়সী বোলার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০তে একটি মেডেনসহ দুই ওভার বোলিং করে ১১ রান দিয়ে এক উইকেট নেন।

উন্নত ফিটনেস ভালো বল করতে সাহায্য করে, বলেছেন ভুবনেশ্বর কুমার

এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াডের একজন গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন ভুবি। তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি গত কয়েক মাসে তার বোলিং অ্যাকশনে কোনও পরিবর্তন করেছেন কি না, তখন উত্তর দিয়েছিলেন যে সাফল্য পেয়েছেন কঠিন পরিশ্রমের কারণে।

“সত্যি বলতে, আমি আমার বোলিংয়ে (অ্যাকশন) কোনো পরিবর্তন করিনি। আমি শুধু বেশি বোলিং করার চেষ্টা করেছি, যা আমার শরীরকে ছন্দে ফিরিয়ে এনেছে। এটা আমার মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। ফিটনেস এমন একটা জিনিস যদি আপনি উন্নতি করেন, এটা আপনাকে আরও ভালো বল করতে সাহায্য করে। কিন্তু সত্যি বলতে আমি আমার বোলিংয়ে কোনো পরিবর্তন করিনি বা কোনো বিশেষ দিক নিয়ে কাজ করিনি। সামগ্রিকভাবে, আমি যখনই সুযোগ পেয়েছি তখনই আমি আরও বেশি বোলিং করেছি,” বলেছেন ভুবি, যিনি গত বছর সংযুক্ত আরব আমিরাতে একটি ব্যর্থ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান সহ্য করেছিলেন। 

“অবশ্যই যখন আপনি দলের সাথে থাকেন, আপনি অনুশীলন করেন, তবে আমি বাড়িতে আমার বোলিংয়ে কঠোর পরিশ্রম করেছিলাম এবং নিজেকে ছন্দে রাখার চেষ্টা করেছি,” বিসিসিআই দ্বারা পোস্ট করা একটি ভিডিওতে ভুবি যোগ করেছেন।

এক দশক ধরে ভারতের প্রতিনিধিত্ব করা এই বোলার কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি করেছেন সেই প্রসঙ্গে জানিয়েছেন, “একজন বোলার হিসাবে, আমি এখন একটি নির্দিষ্ট ব্যাটারের বিরুদ্ধে আমার কী পরিবর্তন বা বৈচিত্র্য দরকার সে সম্পর্কে আরও সচেতন, তাই এসবে উন্নতি হয়েছে। খেলাটি যত এগোবে, তত বেশি পরিবর্তন, আরও নতুনত্ব ঘটবে। ক্রিকেট অনেকটা বিকশিত হয়েছে।” 

বোলার আরও জানিয়েছেন যে তিনি পেস বোলার অর্শদীপ সিংয়ের মধ্যে অসাধারণ সম্ভাবনা দেখেছেন। মীরাটের পেসার বলেছেন যে একজন তরুণ বোলার হিসেবে অর্শদীপ বেশ পরিকল্পনা করে বোলিং করেন৷ ২৯শে জুলাই ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬৮ রানে ভারতের প্রথম টি-টোয়েন্টি জয়ে অর্শদীপ ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

close whatsapp