দ্বিতীয় টি-২০ জয়ের নায়ক হাইনরিখ ক্লাসেন কেরিয়ারকে দীর্ঘায়িত করার ব্যাপারে আশাবাদী
কুইন্টন ডি কক চোট পাওয়ায় একাদশে ক্লাসেন সুযোগ পান
আপডেট করা - Jun 13, 2022 6:09 pm

১২ই জুন কটকের বরাবাটি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১৪৯ রান তাড়া করার সময় দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার হাইনরিখ ক্লাসেন তাঁর দলের নায়ক হিসাবে আবির্ভূত হন। তিনি ৪৬ ডেলিভারিতে ম্যাচ-জেতানো ৮১ রান করেন। তাঁর স্মরণীয় ইনিংসটির প্রতিফলন করে, ক্লাসেন জানিয়েছেন যে তিনি আশা করেন এই ইনিংসটি তাঁর কেরিয়ারকে দীর্ঘায়িত করবে।
প্রোটিয়া উইকেটকিপার ইস্পাতকঠিন স্নায়ু নিয়ে ব্যাটিং করে চাপের পরিস্থিতিতে ভুবনেশ্বর কুমার এবং বাকি ভারতীয় পেসারদের সামনে নিয়ন্ত্রিত ব্যাটিং করেন বেশী ঝুঁকি না নিয়ে। ভুবনেশ্বর একাই তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে পাওয়ারপ্লেতে ২৯ রানে সীমাবদ্ধ রাখেন। কিন্তু ক্লাসেন নিশ্চিত করেছিলেন ওই পরিস্থিতি থেকে দক্ষিণ আফ্রিকা যেন আরও তলিয়ে না যায়। তিনি নির্দিষ্ট কিছু বোলারের বিরুদ্ধে আক্রমণ করেন এবং শেষের দিকে প্রায় অনায়াসে লক্ষ্যের দিকে এগিয়ে দেন দলকে।
কঠিন পিচে শুরুর দিকে সমস্যা হচ্ছিল: হাইনরিখ ক্লাসেন
“ব্যাট করার জন্য কঠিন ছিল (পিচ)। শুরুর দিকে সমস্যা হচ্ছিল। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এবার নিজের মতো খেলব এবং ইতিবাচক হওয়ার চেষ্টা করব। এটি এমন এক দিন ছিল যেদিন আমার পক্ষে গেছে সব কিছু” ম্যাচ-পরবর্তী মিডিয়া আলাপচারিতায় হাইনরিখ ক্লাসেন বলেছেন।
“এটা উপর থেকে একটি আশীর্বাদ যে এই ইনিংসটি আমার কেরিয়ারে এমন সময়ে এল। এটি আমাকে আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে এগিয়ে রাখবে। সুতরাং, আশা করি, এটি আমার কেরিয়ারকে আরও কিছুটা দীর্ঘায়িত করবে,” তিনি যোগ করেছেন।
হাইনরিখ ক্লাসেন দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকা দলে ছিলেন না। সংযুক্ত আরব আমিরাতে ২০২১ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তাঁকে বাদ দেওয়া হয়েছিল এবং ওয়ানডে দলেও অন্তর্ভুক্ত করা হয়নি। আরও গুরুত্বপূর্ণ, তিনি তাঁর কেন্দ্রীয় চুক্তিও হারিয়েছিলেন।
৩০ বছর বয়সী কিপারকে চলমান টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে প্রথম পছন্দের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক কব্জির চোটের কারণে দ্বিতীয় ম্যাচ থেকে বাদ না পড়লে ক্লাসেনের খেলা হত না। ডি ককের চোটের ফলে ক্লাসেনের শিকে ছিঁড়ল এবং পাঁচ ম্যাচের সিরিজে সফরকারীদের ২-০ তে এগিয়ে যেতে সাহায্য করার ক্ষেত্রে তিনি সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন। ১৪ই জুন ভাইজাগে সিরিজের তৃতীয় টি-২০তে ক্লাসেন আরও একটি বড় ইনিংস খেলার আশা রাখবেন।