টাইটান্সের প্রধান কোচ নেহরার পরিকল্পনার কারণে ফিনিশারের ভূমিকায় রাহুল তেওয়াটিয়া
লেগ-স্পিন বোলিংয়ের মাধ্যমেও অবদান রাখতে আগ্রহী তেওয়াটিয়া
আপডেট করা - Apr 14, 2022 9:54 pm

গুজরাত টাইটান্স (জিটি) অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া প্রকাশ করেছেন যে তাঁকে প্রধান কোচ আশিস নেহরা স্পষ্টভাবে বলেছিলেন যে আইপিএল ২০২২-এ দলের হয়ে ফিনিশারের ভূমিকা তাঁকেই পালন করতে হবে। ২৮ বছর বয়সী রাজস্থান রয়্যালস (আরআর) ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন গত দুই মরসুম পর্যন্ত এবং একজন ফিনিশার হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছিলেন।
২০২০ সংস্করণে শারজায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বোলার শেলডোন কট্রেলের এক ওভারে পাঁচটি ছক্কা মেরে তেওয়াটিয়া রাতারাতি খ্যাতি অর্জন করেছিলেন। আইপিএলে তাঁর পরিচিতি পেতে দেরি হলেও রাজ্য দল হরিয়ানার হয়ে তিনি দীর্ঘ দিন ফিনিশার হিসেবে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন। মেগা-নিলামের আগে রাজস্থান তাঁকে ছেড়ে দেয় এবং জিটি তাঁকে ৯ কোটি টাকায় কেনে৷ নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে তাঁর শুরুটা বেশ ভালো হয়েছে এবং দুটি ম্যাচে জয়ের ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল।
আইপিএলটি২০.কম-এ পোস্ট করা একটি সাক্ষাৎকারে অলরাউন্ডার দলে তাঁর ভূমিকা নিয়ে আলোকপাত করেছেন। রাহুল তেওয়াটিয়া বলেছেন, “আমি রাজস্থানের হয়ে গত ২-৩ বছর ধরে এই (ফিনিশারের) ভূমিকাটি করছিলাম এবং ভূমিকাটি বেশ পরিষ্কার ছিল। আমি যখন জিটিতে যোগদান করি, আশিস (নেহরা) ভাই আমাকে বলেছিলেন যে আমরা ৫ বা ৬ নম্বরে কাউকে খুঁজছি। তিনি বলেছিলেন – ‘আমরা চাই এমন কাউকে যে ম্যাচ শেষ করে আসুক এবং আমরা সেই ভূমিকার জন্য আপনার দিকে তাকিয়ে আছি।'”
তেওয়াটিয়া যোগ করেছেন যে তাঁকে সেই ভূমিকার জন্য আলাদাভাবে প্রস্তুত হতে হবে না যেহেতু তিনি তাঁর ঘরোয়া দলের হয়ে একই কাজ এর আগে বহুবার করেছেন। বাঁ-হাতি ব্যাটার বলেছেন, “একবার যখন তিনি (নেহরা) আমার উপর আস্থা দেখিয়েছিলেন, তখন থেকেই আমি আমার প্রস্তুতি শুরু করে দিই। আমি আমার ঘরোয়া দলেও একই ভূমিকা পালন করছি, তাই প্রস্তুতি আমার জন্য একই রকম ছিল। তবে হ্যাঁ, একটু বেশি চেষ্টা করছি।”
আরআরের বিপক্ষে খেলতে পেরে উত্তেজিত: রাহুল তেওয়াটিয়া
অলরাউন্ডার আজ নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে তাঁর প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি আরআরের বিরুদ্ধে নেমেছেন। সেই বিষয়ে তাঁর অনুভূতি জানানোর সময় রাহুল তেওয়াটিয়া জানিয়েছেন, “আমি আরআরের বিপক্ষে খেলতে পেরে উত্তেজিত। এটা আমার পুরোনো ফ্র্যাঞ্চাইজি কিন্তু সেই দলে অনেক নতুন খেলোয়াড় আছে। তাই হ্যাঁ, সত্যিই এটির জন্য অপেক্ষা করছি।”
আক্রমণাত্মক ক্রিকেটার তাদের আইপিএল ২০২২-এর প্রথম ম্যাচে লখনউতে জিটির জয়ে ২৪ বলে ৪০* রান করেছিলেন। দলের তৃতীয় ম্যাচে তিনি শেষ দুই বলে দুটি ছক্কা পাঞ্জাবের বিরুদ্ধে মেরে গুজরাতকে একটি উত্তেজক জয় এনে দেন।
বিগ-হিটিংয়ের দক্ষতা ছাড়াও, তেওয়াটিয়া একজন কার্যকরী লেগ-স্পিনারও। বোলিং বিভাগে তাঁর দায়িত্ব সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন, “আমি বোলিংয়েও বড় দায়িত্ব নিতে চাই। কিন্তু আমাদের শক্তিশালী বোলিং লাইন আপের কারণে এখন আমার তেমন প্রয়োজন নেই। উইকেট ধীরগতির হচ্ছে, আমি নিশ্চিত স্পিনারদের প্রভাব আরও বাড়বে।”