ট্রেডিং করে ক্যাপিটালস থেকে শার্দূল ঠাকুরকে নিল কেকেআর

শার্দূলকে ১০.৭৫ কোটি টাকায় কিনেছিল দিল্লি ক্যাপিটালস

Shardul Thakur
Shardul Thakur. (Photo Source: IPL/BCCI)

ট্রেডিংয়ের বাজারে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের সক্রিয়তা বজায় রেখেছে। গুজরাত টাইটান্স থেকে দুই বিদেশীকে নেওয়ার পরে এবার তাদের নজর ভারতীয় ব্রিগেডের দিকে। একটি চমকপ্রদ ট্রেডিংয়ে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালস (ডিসি) থেকে ভারতের অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে কিনে নিয়েছে। ইএসপিএনক্রিকইনফো-র সূত্র অনুসারে ট্রেডিংটি সোমবার চূড়ান্ত হয়েছে এবং এটি একটি নগদ চুক্তি।

বর্তমানে ভারতের ওডিআই স্কোয়াডের অংশ হিসেবে নিউ জিল্যান্ডে আছেন শার্দূল। আইপিএল ২০২২ মেগা নিলামে তাঁকে ১০.৭৫ কোটি টাকায় কিনেছিল দিল্লি ক্যাপিটালস। ভারতীয় বোলিং অলরাউন্ডারদের আধিক্যর অভাবে শার্দূলের মতো ক্রিকেটারদের চাহিদা বরাবরই বেশী থাকে আইপিএলে। মেগা নিলামেও তার ব্যতিক্রম হয়নি এবং শার্দূলকে পেতে তাঁর প্রাক্তন দুই আইপিএল দল চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস এবং নবাগত ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স চেষ্টা করলেও ক্যাপিটালসের দরের উর্ধ্বে কোন দল যেতে পারেনি। 

বিপুল অর্থ পেলেও, সেই অর্থর সঙ্গে সামঞ্জস্য রেখে পারফর্ম্যান্স দেখাতে পারেননি শার্দূল। আইপিএল ২০২২ মরসুমে ১৪ ম্যাচে ৯.৭৯ ইকোনমি রেটে ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। ২০১৭-তে আইপিএল নিয়মিত হওয়ার পর থেকে বোলিংয়ের ক্ষেত্রে শার্দূলের সবচেয়ে খারাপ মরসুম কেটেছিল ২০২২-এ। ব্যাট হাতে তিনি ১২০ রান করেছিলেন প্রায় ১৩৮ স্ট্রাইক রেটে। 

১৫ই নভেম্বর বন্ধ হয়ে যাবে ট্রেডিং উইন্ডো

মঙ্গলবার ট্রেডিং উইন্ডো বন্ধ হওয়ার আগে অবধি নাইট রাইডার্স সবচেয়ে সক্রিয় ফ্র্যাঞ্চাইজি। আইপিএল দলগুলি গত মরসুমের কোন খেলোয়াড়কে ধরে রাখতে বা ছেড়ে দিতে চায় সেই তালিকা চূড়ান্ত করার জন্য নির্ধারিত সময়সীমাও আগামীকাল। মঙ্গলবার বিকেল ৫টার আগে লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সব দলকে। 

উল্লেখ্য, শার্দূল ঠাকুরের আগে নাইট রাইডার্স ট্রেডের মাধ্যমে আরও দুই তারকাকে অধিগ্রহণ করেছিল। গত মরসুমের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স থেকে নিউ জিল্যান্ডের পেসার লকি ফার্গুসন ও আফগাবিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ্‌ গুরবাজকে নগদ চুক্তির ভিত্তিতে দলে অন্তর্ভুক্ত করেছিল কেকেআর।

close whatsapp