“আমার সামর্থ্যের ওপর বিশ্বাস রাখতে বলেছেন ধোনি” – অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার আগে জানালেন মুকেশ
সুইংকেই প্রধান অস্ত্র করছেন মহারাষ্ট্রর বাঁ-হাতি পেসার
আপডেট করা - Jul 31, 2022 6:07 pm

চেন্নাই সুপার কিংসের বাঁহাতি পেস বোলার মুকেশ চৌধুরী প্রকাশ করেছেন যে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং ওপেনিং ব্যাটার রুতুরাজ গায়কওয়াড় তাঁর ক্রিকেট কেরিয়ারে একটি বড় প্রভাব ফেলেছেন। আইপিএল ২০২২-এ প্রথমবার নগদসমৃদ্ধ লিগে সুযোগ পেয়েছিলেন মুকেশ।
২৬ বছর বয়সী মুকেশ বিজয় হাজারে ট্রফির ২০২১/২২ সংস্করণে মহারাষ্ট্রের হয়ে শীর্ষস্থানীয় উইকেট শিকারী ছিলেন। আইপিএল ২০২২ মেগা নিলামে সিএসকে তাঁকে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় কিনেছিল। তারপর থেকে পেসারের জন্য একটি দুর্দান্ত মরসুম ছিল। তাঁর দল এই মরসুমে নবম স্থানে শেষ করলেও মুকেশ ১৩টি ম্যাচ খেলে ৪/৪৬-এর সেরা বোলিং পরিসুংখ্যানসহ ১৬ উইকেট নিয়েছিলেন।
মুকেশ স্বীকার করেছেন যে ঘরোয়া মরসুমে ভালো করা সত্ত্বেও তিনি আশা করেননি সিএসকে তাঁকে বাছাই করবে এবং তারপরে এক ডজনেরও বেশি ম্যাচে খেলার সুযোগ পাবেন। “আমি কখনই ভাবিনি আমি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলব। আমি যখন টিম বাসে ছিলাম (প্রথমবার), ধোনি আমার কাঁধে টোকা দিয়েছিল এবং আমি ভাবছিলাম, ‘ওহ এটা আমার সাথে ঘটছে!’ এবং আমি খুব গর্বিত ছিলাম,” chennaisuperkings.com-এ মুকেশ বলেছেন।
প্রতিদিন ধোনির সাথে কথা বলতাম: মুকেশ চৌধুরী
মুকেশ সম্প্রতি কুইন্সল্যান্ডে কেএফসি টি-২০ ম্যাক্স সিরিজের বিদেশী খেলোয়াড় হিসাবে চেতন সাকারিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি বলেছেন যে প্রাথমিকভাবে তিনি সিএসকে-এর হয়ে কয়েকটি ম্যাচে ব্যর্থ হওয়ার পরে ধোনির সান্ত্বনামূলক আশ্বাস তাঁকে আত্মবিশ্বাস দেয়।
“আমার প্রথম দুই ম্যাচে আমি আমার সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারিনি। তাই, আমি প্রতিদিন তার (ধোনি) সাথে কথা বলতাম এবং ম্যাচের মধ্যেও। ধোনি আমাকে আমার সামর্থ্যের ওপর বিশ্বাস রাখতে বলেছেন। রুতু (রুতুরাজ) আমার বন্ধু… তাই সে সবসময় আমার সাথে ছিল, সে আমাকে সমর্থন করেছিল এবং আমাকে আত্মবিশ্বাস দিয়ে বলেছিল, ‘তোমার সবকিছু আছে, তোমাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে কারণ প্রত্যেক খেলোয়াড়ের ক্ষেত্রেই এটা ঘটে যখন তারা এরকম সময়ের মধ্য দিয়ে যায়’, বলেছেন মুকেশ।
“মুম্বাই (ইন্ডিয়ানস) ম্যাচের পরে, আমি আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলাম এবং সেই আত্মবিশ্বাসের সাথে বোলিং চালিয়ে গেছি,” যোগ করেছেন মুকেশ, যিনি ব্রিসবেনে ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট কেন্দ্রে প্রশিক্ষণ নেবেন এবং কুইন্সল্যান্ড বুলসের প্রাক-মরসুম প্রস্তুতিতে অংশ নেবেন। চেন্নাই-ভিত্তিক এমআরএফ পেস ফাউন্ডেশনের একটি বিনিময় প্রোগ্রামের কারণে এই সুযোগ পাচ্ছেন তিনি।
মুকেশ যোগ করেছেন যে একজন বাঁ-হাতি ফাস্ট বোলার হিসেবে সুইং তাঁর অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। “একজন বাঁ-হাতি ফাস্ট বোলারের জন্য এমন সুইং গুরুত্বপূর্ণ যেটা ডানহাতি ব্যাটারের ভিতর দিকে আসে। যেকোনো ডানহাতি ব্যাটারের কাছে ইনসুইং সবচেয়ে বিপজ্জনক বল। লেংথ গুরুত্বপূর্ণ। আপনাকে কাজ করতে হবে এবং আপনার নির্ভুলতা এবং সুইং উন্নত করতে হবে,” তিনি শেষে বলেছেন।