“আশা করি সে এক্স-ফ্যাক্টর হয়ে উঠবে” – সূর্যকুমার যাদবের ফর্ম প্রসঙ্গে অধিনায়ক রোহিত শর্মা

বর্তমানে টি-২০ ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে সূর্যকুমার

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo Source: BCCI)

সূর্যকুমার যাদব বর্তমানে ভারতীয় দলে সবচেয়ে আলোচিত খেলোয়াড়দের একজন। অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ কিংবা তার আগে এশিয়া কাপ, সাম্প্রতিক সিরিজগুলিতে তিনি খুবই ধারাবাহিক। মাঠের সব প্রান্তে শট খেলার ক্ষমতা থাকা সূর্যকুমারের বেশ কিছু ইনিংস চমকপ্রদ। কোন ইনিংসে যদি অল্প স্কোরে আউট হয়ে যান, তা হলে পরবর্তী ইনিংসেই দ্রুত প্রত্যাবর্তন করে তাঁর যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হন।

ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ -এর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বাকি দলগুলিও প্রস্তুতির ক্ষেত্রে পিছিয়ে নেই। টুর্নামেন্ট ১৬ই অক্টোবর থেকে শুরু হবে, এবং ২৩শে অক্টোবর ভারত প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। গত বছরের সংস্করণে মেন ইন ব্লু কোন ছাপ রাখতে পারেনি, তবে এই ক্যালেন্ডার বর্ষে সবকটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত। 

বৈশ্বিক ইভেন্টের উদ্বোধনী দিনের আগে যোলোজন অধিনায়কই একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন যেখানে রোহিত শর্মা কথা বলেছিলেন সূর্যকুমার যাদব এবং খেলার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তাঁর বর্তমান ফর্ম সম্পর্কে। সূর্যকুমার যাদবের পারফর্ম্যান্সে মুগ্ধ রোহিত বেশ কয়েক বছর ধরে তাঁর সঙ্গে খেলছেন কারণ এই দুই খেলোয়াড়ই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করেন।

টি-টোয়েন্টি ব্যাটার রাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের সম্পর্কে রোহিত শর্মা বলেছেন, “সূর্য দুর্দান্ত ফর্মে আছে এবং খুব ভালো ব্যাটিং করছে। আমি আশা করি সে সে এভাবে ব্যাটিং চালিয়ে যাবে, মিডল অর্ডারে ভালো ব্যাট করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সে খুবই আত্মবিশ্বাসী একজন খেলোয়াড় এবং সে যখনই খেলে নির্ভয়ে খেলে। সে তার দক্ষতার সর্বোত্তম ব্যবহার করে। আমি আশা করি সে এক্স-ফ্যাক্টর হয়ে উঠবে, এবং শুধু সে নয়, আমি আশা করি সবাই আমাদের এক্স-ফ্যাক্টর হয়ে উঠবে যা কঠিন (হাসি)। তবে আমি আশা করি সূর্য বিশ্বকাপেও তার ভালো ফর্ম অব্যাহত রাখবে।”

সূর্যকুমার যাদব ১ নম্বর র‍্যাঙ্কের কাছাকাছি

সূর্যকুমার যাদব আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার হওয়ার দৌড়ে রয়েছেন। শীর্ষস্থানে থাকা পাকিস্তানের মহম্মদ রিজওয়ানের থেকে তিনি মাত্র ১৫ রেটিং পয়েন্টে পিছিয়ে রয়েছেন। আসন্ন বিশ্বকাপে ধারাবাহিক পারফর্ম্যান্স দেখাতে পারলে সূর্যকুমার যাদবের পক্ষে এক নম্বরে উঠে আসা সম্ভব।

close whatsapp