“১০ বছর ধরে শুনছি” – সমালোচনায় বিব্রত না হয়ে ম্যাচে ফোকাস অধিনায়ক ধাওয়ানের
সমালোচকদের প্রসঙ্গে ধাওয়ান বলেছেন, "তারা বলতে থাকে, আমি খেলতে থাকি"
আপডেট করা - Jul 22, 2022 3:12 pm

ভারতীয় দলের ওপেনিং ব্যাটার শিখর ধাওয়ান বলেছেন যে কয়েকটি খেলায় উল্লেখযোগ্যভাবে স্কোর করতে ব্যর্থ হওয়ার পর সমালোচিত হলে তিনি কখনই তা নিয়ে বিরক্ত হন না। সদ্য সমাপ্ত সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইতে ধাওয়ান অপরাজিত থাকলেও, ক্রিজের অন্য প্রান্তে থাকা রোহিত শর্মা যেখানে আগ্রাসী ব্যাটিং করছিলেন, সেখানে ধাওয়ান ধীরগতির ইনিংস খেলেন। সিরিজের বাকি দুই ম্যাচে দুই অঙ্কের রানেও পৌঁছতে পারেননি তিনি।
ধাওয়ান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। সিরিজ শুরু হচ্ছে আজ ২২শে জুলাই, ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে। এই বছরে দলকে নেতৃত্ব দেওয়া ভারতের সপ্তম অধিনায়ক হতে চলেছেন তিনি। ৩৬ বছর বয়সী বলেছেন যে তিনি যদি সমালোচকদের বক্তব্যের জন্য তাঁর খেলাকে প্রভাবিত হতে দিতেন তবে তিনি আজ যেখানে আছেন সেখানে থাকতেন না।
“আমি আলাদা কিছু অনুভব করি না। ১০ বছর ধরে শুনছি। তারা বলতে থাকে, আমি খেলতে থাকি। এটা আমার কাছে কোন ব্যাপার না। তা হলে আজ এখানে থাকতাম না। প্রত্যেকের নিজস্ব মতামত আছে, কিন্তু আমি জানি আমার কাজ এবং আমার কী করা দরকার। আমি এত বছর ধরে এটা করছি। কয়েকটা ব্যর্থতার পর আমি খুব একটা টেনশন নিই না। আমি আত্মবিশ্লেষণ করি এবং উন্নতির দিকে তাকাই। এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ,” ধাওয়ান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছেন।
চাপ আমার ব্যক্তিত্ব বা আমার খেলার ধরন পরিবর্তন করবে না: শিখর ধাওয়ান
ইংল্যান্ডের ওডিআইয়ের আগে ২০২২ সালের শুরুতে খেলা দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজে ধাওয়ান একটি ছাপ ফেলেছিলেন। তিনটি ম্যাচে তিনি দুটি অর্ধশতকসহ ১৬৯ রান করেছিলেন। উল্লেখ্য, আসন্ন ওডিআই সিরিজের জন্য, নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার সাথে বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহ্ ও হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই কারণে দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় হিসেবে ধাওয়ানকে ক্যারিবীয় সফরের ওডিআইতে নেতা করা হয়েছে।
“আমি খুবই উত্তেজিত। যখন আমি তরুণদের সাথে কাজ করার সুযোগ পাই, তখন আমি অনুভব করি যে আমি তাদের সাথে আমার অভিজ্ঞতা ভাগ করে নিতে পারি, বিশেষ করে মানসিক দিক নিয়ে। আমি সবসময় এটা শেয়ার করতে এবং তাদের খেলায় পরিবর্তন আনতে ভালোবাসি। আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় চাপ থাকে। কিন্তু চাপ আমার ব্যক্তিত্ব বা আমার খেলার ধরন পরিবর্তন করবে না। আমার নিজের এবং আমার দলে উপর অনেক আত্মবিশ্বাস আছে। আমরা যেকোনো মূল্যে জয়ী হওয়ার ইচ্ছা নিয়েই মাঠে নামব,” যোগ করেন তিনি।
ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু করবে। তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২, ২৪ এবং ২৭শে জুলাই। তারপরে দুই দল ২৯শে জুলাই থেকে শুরু হওয়া পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য মুখোমুখি হবে। সেই দলে যদিও ধাওয়ানের স্থান হয়নি।