ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসে খেলতে চান হার্শাল পটেল
আপডেট করা - Jan 27, 2022 1:58 pm

গতবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন তিনি। অন্যতম সেরা বোলারদের মধ্যে অন্যতম ছিলেন হার্শাল পটেল। এবারের মেগা নিলামে বিরাট দামেই বিক্রি হতে পারেন তিনি। তাঁর নাম নিয়ে ইতিমধ্যোই জল্পনা শুরু হয়ে গিয়েছে। গুঞ্জন চললেও, হার্শাল পটেল কোথায় যেতে চান, সেটাই এবার জানালেন তিনি। অধিনায়ক ধোনির তত্ত্বাবধানে যে কোনও ক্রিকেটারই খেলতে চান। সেই ইচ্ছাই শোনা গেল হার্শালের গলাতেও। আসন্ন মরসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে চাল হার্শাল পটেল।
গতবারের আইপিএলে বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন হার্শাল পটেল। পার্পল ক্যাপও উঠেছিল তাঁর মাথাতেই। গতবার অবশ্য ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। কিন্তু সেই দলে এবার আর যেতে চাইছেন না তিনি। ধোনির চেন্নাই শিবিরই এবার প্রথম পছন্দ হার্শাল পটেলের। যদিও সেই দলে তিনি খেলতে পারবেন কিনা তা তো মেগা নিলামের পরই বোঝা যাবে।
গতবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন তিনি। দল জিততে না পারলেও, দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন হার্শাল পটেল। গত মরসুমে একাই ৩২টি উইকেট নিয়ে যুগ্ম সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন এই তরুণ তারকা ক্রিকেটার। একইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন হার্শাল পটেল। গতবার থেকেই তাঁর প্রশংসা সকলের মুখে।
ইতিমধ্যেই ভারতীয় দলে ডাকও পেয়ে গিয়েছেন এই তরুণ তারকা বোলার। নতুন বছরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার ঘরের মাঠে নামছে ভারত। একদিন ও টি টোয়েন্টি সিরিজে খেলবে দুই দল। সেখানেই একদিনের দলে জায়গা না পেলেও, টি টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার শিবিরে নিজের জায়গা পাকা করে ফেলেন হার্শাল পটেল। এখন শুধুই তাঁর মাঠে নামার অপেক্ষা।
গতবারের আইপিএলের বাইশগজে বহু নজিরের মালিক হয়েছেন হার্শাল। কিন্তু এবারের নিয়মের জেরে তাঁকে শেষপর্যন্ত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু। যে চারজনকে ধরে রেখেছেন তাদের মধ্যে হার্শাল পটেলের নাম নেই। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী আইপিএলের মেগা নিলাম আয়োজন হবে। সেখানেই তাঁর নামও উঠবে নিলামে।
শোনাযাচ্ছে আসন্ন আইপিএলে বিরাট অঙ্কে কোনও দলে যেতে পারেন তিনি। ছেড়ে দিলেও, তাঁর জন্য ফের ঝাপাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এছাড়াও তাঁকে নেওয়ার প্রতিযোগিতায় রয়েছে আরও বেশ কয়েকটি দল। কিন্তু হার্শালের ইচ্ছা কিন্তু অন্যই। বরাবরই মহেন্দ্র সিং ধোনির ভক্ত তিনি। ক্যাপটেন কুলের নতৃত্বে কখনোই খেলা হয়নি। এবার সেই সাধটা পূরণ করতে চান। যদিও শেষপর্যন্ত তাঁকে চেন্নাই নেয় কিনা তার ওপরই সব নির্ভর করছে।
এখনও পর্যন্ত আইপিএলে ৬৩টি ম্যাচ খেলেছেন হার্শাল পটেল। পেয়েছেন ৭৮টি উইকেটষ ইকনমি রেটও তাঁর ৮.৫৮। ইতিমধ্যেই এবারের আইপিএলে হার্শাল পটেলের বেস প্রাইজ হয়ে গিয়েছে ২ কোটি টাকা। এখন হার্শালের স্বপ্ন পূরণ হয় কিনা সেটাই দেখার।