মাত্র দুজন ভারতীয়কে রেখে এশিয়া কাপ ২০২২-এর সেরা একাদশ বাছাই করলেন হর্ষ ভোগলে
উইকেটকিপার হিসেবে স্থান পেয়েছেন মহম্মদ রিজওয়ান
আপডেট করা - Sep 11, 2022 3:46 pm

১১ই সেপ্টেম্বর রবিবার দুবাই ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্যাচ দিয়ে এশিয়া কাপের ১৫তম আসর সমাপ্ত হবে। টুর্নামেন্টে সমস্ত অংশগ্রহণকারী দলের কাছ থেকেই উচ্চ-মানের পারফর্ম্যান্স দেখা গেছে এবং ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে টুর্নামেন্টের জন্য তাঁর সেরা একাদশ বেছে নিয়েছেন।
ভোগলের দলের ওপেনার হিসেবে ছিলেন মহম্মদ রিজওয়ান (পাকিস্তান) এবং রহমানুল্লাহ্ গুরবাজ (আফগানিস্তান)। পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার এই টুর্নামেন্টের সেরা পারফর্ম্যারদের একজন এবং এই বছর পাকিস্তানের ফাইনালে ওঠার পেছনে অন্যতম চালিকাশক্তি। অধিনায়ক বাবর আজম টুর্নামেন্টে স্বাচ্ছন্দ্যে রান করতে না পারায় রিজওয়ানকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হচ্ছে।
ক্রিকবাজের সাথে কথা বলার সময়, ক্রিকেট বিশেষজ্ঞ তিন নম্বরে বাছাই করেছেন ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলিকে। টুর্নামেন্টের শীর্ষস্থানীয় রান সংগ্রহকারী কোহলি। যদিও এশিয়া কাপে ভারতের একটি হতাশাজনক অভিযান ছিল, তবে কোহলির রান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলকে উৎসাহিত করবে। মিডল অর্ডারে আফগানদের হয়ে দৃঢ় পারফর্ম্যান্সের জন্য দলে জায়গা পেয়েছেন নাজিবুল্লাহ্ জাদরান।
হর্ষ ভোগলে স্পিনার হিসেবে সুযোগ দিয়েছেন শাদাব খান ও মহম্মদ নাওয়াজ
লোয়ার-মিডল অর্ডার এবং অল-রাউন্ডার পজিশনে দুই ফাইনালিস্ট দলের সদস্যদের প্রাধান্য ছিল। ভানুকা রাজাপাকসা ও দাসুন শানাকাকে ভোগলে পাঁচ এবং ছয় নম্বরে রেখেছিলেন। শ্রীলঙ্কার মিডল অর্ডার জুটি গত কয়েকটি খেলায় দলের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাকিস্তানের শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজ টুর্নামেন্টের সবচেয়ে মিতব্যয়ী দুই স্পিনার এবং গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছেন। টুর্নামেন্টের সুপার ফোর পর্বে দুটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই জুটি ম্যাচ-নির্ধারক ইনিংস খেলে অবদান রেখেছিলেন।
পেসার নির্বাচনের ক্ষেত্রে হর্ষ অভিজ্ঞ ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের সাথে দুই তরুণ নাসিম শাহ (পাকিস্তান) ও দিলশান মদুশাঙ্কাকে (শ্রীলঙ্কা) বাছাই করেছেন।
হর্ষ ভোগলের এশিয়া কাপ ২০২২ একাদশ: মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), রহমানুল্লাহ্ গুরবাজ, বিরাট কোহলি, নাজিবুল্লাহ্ জাদরান, ভানুকা রাজপাকসা, দাসুন শানাকা, শাদাব খান, মহম্মদ নাওয়াজ, ভুবনেশ্বর কুমার, নাসিম শাহ, দিলশান মাদুশাঙ্কা।