টি-২০ বিশ্বকাপের সর্বসেরা একাদশ বাছাই করলেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে
তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে আছেন বিরাট কোহলি
আপডেট করা - Oct 21, 2022 12:25 pm

ক্রিকেট বিশ্বর অন্যতম পরিচিত মুখ হর্ষ ভোগলে তাঁর সর্বকালের সেরা টি-২০ বিশ্বকাপ একাদশ নির্বাচন করেছেন। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর সুপার ১২ পর্ব শুরু হওয়ার আগে ভারতীয় ধারাভাষ্যকার তাঁর দল বেছে নিয়েছেন।
ক্রিকবাজের সাথে কথোপকথনে ভোগলে বলেছেন যে তাঁর খেলোয়াড়দের তালিকা শুধুমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপের বিভিন্ন সংস্করণে পারফর্ম্যান্সের উপর ভিত্তি করে। তিনি একটি ‘ভারসাম্যপূর্ণ’ দল বাছাই করার পক্ষপাতী ছিলেন এবং তাঁর দলে ছয়টি বোলিং বিকল্পসহ দুইজন প্রকৃত অলরাউন্ডারের সমন্বয়ে একটি গভীর ব্যাটিং লাইন-আপ নির্বাচন করেছেন।
তিনি জ্যামাইকার বিস্ফোরক হিটার ক্রিস গেইল এবং ইংলিশ অধিনায়ক জস বাটলারকে ওপেনার হিসাবে বাছাই করেছেন। সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তাঁর যা পারফর্ম্যান্স তা বিবেচনা করলে গেইল যে কোনও টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হওয়ার দাবি রাখেন।
এরপর ভোগলে বিরাট কোহলি দিয়ে শুরু করে একটি তারকা-খচিত মিডল-অর্ডার বেছে নিয়েছেন। উল্লেখ্য, কোহলিই একমাত্র ভারতীয় যিনি এই একাদশে স্থান পেয়েছেন। কোহলির পরে জায়গা পেয়েছেন কেভিন পিটারসেন, যিনি ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন।
৫ নম্বরে ভোগলের নির্বাচন মাইকেল হাসি, যিনি এই ফর্ম্যাটে হার্ড হিটিং ও ধারাবাহিকতার জন্য পরিচিত ছিলেন। বিশিষ্ট অলরাউন্ডার শেন ওয়াটসন ও শাহিদ আফ্রিদিকে ছয় ও সাত নম্বরে রাখা হয়েছে। ২০০৯ বিশ্বকাপ জয়ী দল পাকিস্তানের হয়ে আফ্রিদি অনবদ্য অলরাউন্ড পারফর্ম্যান্স করেছিলেন।
শ্রীলঙ্কার প্রাণঘাতী পেসার লাসিথ মালিঙ্গা, নিউজিল্যান্ডের সুইংয়ের জাদুকর ট্রেন্ট বোল্ট ও টি-২০ বিশ্বকাপের দুবারের সর্বোচ্চ উইকেটশিকারী পাকিস্তানের উমর গুল রয়েছেন তিন বিশেষজ্ঞ পেসার হিসাবে। একাদশের শেষ সদস্য হিসাবে তিনি স্পিনার স্যামুয়েল বদ্রীকে বেছে নিয়েছেন যিনি ওয়েস্ট ইন্ডিজকে ২০১২ ও ২০১৬ সালে শিরোপা জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
হর্ষ ভোগলের নির্বাচিত সর্বকালের সেরা টি২০ বিশ্বকাপ একাদশ: ক্রিস গেইল, জস বাটলার, বিরাট কোহলি, কেভিন পিটারসেন, মাইকেল হাসি, শেন ওয়াটসন, শাহিদ আফ্রিদি, উমর গুল, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা, স্যামুয়েল বদ্রী।