ভারত সফর থেকে বিশেষ প্রত্যাশা রাখছেন না উদীয়মান অজি পেসার ল্যান্স মরিস
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই পেসার অত্যন্ত দ্রুত গতিতে বোলিং করার জন্য রাতারাতি পরিচিত হয়ে উঠেছেন
আপডেট করা - Jan 31, 2023 3:23 pm

অস্ট্রেলিয়ার ২৪ বছর বয়সী ফাস্ট বোলার ল্যান্স মরিস বলেছেন যে তিনি ভারত সফরের জন্য অপেক্ষা করছেন এবং এই সফরের চ্যালেঞ্জ সম্পর্কেও অবগত তিনি। দুই দল ৯ই ফেব্রুয়ারি থেকে বহুল প্রত্যাশিত ৪ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হতে চলেছে। ১৮ সদস্যের সফরকারী স্কোয়াডে থাকা মরিসের এখনও অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়নি।
ক্যামেরন গ্রিন ও মিচেল স্টার্ক চোটের কারণে নাগপুরে প্রথম টেস্ট থেকে প্রায় ছিটকেই গেছেন। এমন অবস্থায় একাদশে অন্তর্ভুক্ত হতে পারেন ল্যান্স মরিস। সিনিয়র পেসার স্টার্ক সোমবার বলেছেন যে আঙুলের চোটের কারণে প্রথম টেস্টের জন্য তাঁর প্রস্তুত হওয়ার সম্ভাবনা নেই।
ভারতে আসার আগে মরিস বলেছেন যে স্বাগতিক দেশটিতে পিচ পেসারদের জন্য সহায়ক হওয়ার বিষয়ে তিনি খুব বেশী আশাবাদী নন। ২০১৬-১৭ মরসুমে অস্ট্রেলিয়া শেষবার ভারত সফর করেছিল। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্কের ত্রয়ী ৪টি টেস্টে সম্মিলিতভাবে ২২ উইকেট নিয়েছিলেন। অন্যদিকে, দুই প্রধান স্পিনার ন্যাথান লায়ন ও স্টিভ ও’কিফ মিলে ৩৮ উইকেট নিয়েছিলেন। ভারতের পেসার উমেশ যাদব ১৭ উইকেট নিয়ে অসাধারণ ফাস্ট বোলার ছিলেন।
ভারত সফরকে শেখার অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করতে চান ল্যান্স মরিস
মঙ্গলবার এসইএন রেডিওকে মরিস বলেছেন, “সত্যি বলতে গেলে ভারতে পেসারদের জন্য ভালো ফিডব্যাক পাইনি। এখানে আশা করার মতো খুব বেশী কিছু নেই। আমি মনে করি না বলটি কিপারের কাছে দ্রুত গতিতে যাবে। মনে হচ্ছে এটি কিছুটা চ্যালেঞ্জ হতে চলেছে, কিন্তু তবুও এটা উত্তেজনাপূর্ণ হবে।”
মরিস যোগ করেছেন যে ব্যক্তিগত পর্যায়ে তিনি একটি অভিজ্ঞ স্কোয়াডের সঙ্গে থেকে উপমহাদেশীয় ট্র্যাকে বোলিং শেখার সুযোগ ছাড়তে চান না। তবে আসন্ন সিরিজে তাঁর ব্যক্তিগত সাফল্য নিয়ে বেশী ভাবতে চায়ছেন না ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পেসার।
“আমাদের স্কোয়াডে কিছু সত্যিই অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। তাদের কাছ থেকে প্রশিক্ষণ সেশনে শিখতে পারলে ভালো লাগবে। আমি নিজের উপর খুব বেশী প্রত্যাশা রাখতে চাই না। আমি এটাকে শুধু একটি শেখার অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করতে চাই। আমি এর আগে কখনও ক্রিকেটের জন্য বাইরের দেশে সফর করিনি তাই এটি হবে আমার প্রথম বিদেশ সফর। এটি একটি বিশাল শেখার সুযোগ হতে চলেছে আমার জন্য,” শেষে বলেছেন মরিস।